তিন প্রজন্মের সম্পর্কের গল্প নিয়ে আজ থেকেই ওটিটিতে 'উল্টোরথ'
eTV Bharat | ২১ আগস্ট ২০২৬
কলকাতা, 21 অগস্ট: পরিবারের তিন প্রজন্ম, সম্পর্কের অদৃশ্য দূরত্ব, পুরনো ভালোবাসার ফিরে আসা এবং নতুন করে বাঁচার গল্প নিয়ে আজ, 21 অগস্ট থেকে ফ্রাইডে ওটিটি-তে এক্সক্লুসিভলি স্ট্রিমিং শুরু হল নতুন ওয়েবফিল্ম 'উল্টোরথ' (Ultorath)-এর। রূপা দত্তের নিবেদনে এবং ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় তৈরি এই ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার এবং বিশ্বজিৎ চক্রবর্তী।
সমকালীন বাংলার প্রেক্ষাপটে 'উল্টোরথ'-এর গল্প আবর্তিত হয়েছে চট্টোপাধ্যায় পরিবারের তিন প্রজন্মকে ঘিরে। একই ছাদের তলায় বসবাস করলেও তাঁদের সম্পর্কের মধ্যে কোথাও যেন তৈরি হয়েছে এক অদৃশ্য দূরত্ব। দৈনন্দিন প্রয়োজনের কথাবার্তার বাইরে মনের অনেক কথাই থেকে যায় না-বলা। পরিবারের প্রবীণ সদস্য দেবর্ষির জীবনে হঠাৎ ফিরে আসে অতীতের এক অধ্যায়। সে জানতে পারে একসময় তাঁর ভালোবাসার মানুষ মাধবীলতা এখন ‘উল্টোরথ’ নামের একটি বৃদ্ধাশ্রমে রয়েছেন। এই খবর বহু পুরনো স্মৃতিকে আবার জাগিয়ে তোলে এবং বদলে দেয় পরিবারের চেনা ছন্দ।
অন্যদিকে রাজর্ষির জীবনে আসে প্রিয়া—এক স্বাধীনচেতা ও আত্মবিশ্বাসী উদ্যোক্তা। প্রিয়ার উষ্ণতা এবং জীবনকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে রাজর্ষির দীর্ঘদিনের তৈরি করা আবেগের দেওয়ালকে নড়িয়ে দেয়। পরিবারের কনিষ্ঠ সদস্য ঋষির সারল্য ও কৌতূহলও গল্পে যোগ করে অন্যরকম প্রাণবন্ততা। হাসি, আবেগ, টানাপোড়েন এবং সম্পর্কের নানা ওঠাপড়ার মধ্য দিয়ে 'উল্টোরথ' প্রশ্ন তোলে- একসঙ্গে থাকা মানেই কি সত্যিই কাছাকাছি থাকা? নাকি কখনও কখনও পরিবারের মানুষদেরও নতুন করে চিনতে এবং বুঝতে হয়?
'উল্টোরথ' শুধু ভালোবাসার গল্প নয়। এটি পরিবার, বন্ধুত্ব, ক্ষমা, সঙ্গ এবং জীবনের দ্বিতীয় সুযোগের গল্প। ছবিটি মনে করিয়ে দেয়, সম্পর্কের জটিলতা সবসময় বড় কোনও ঘটনার মাধ্যমে মেটে না। কখনও ছোট ছোট মুহূর্ত, কিছুটা বোঝাপড়া এবং একে অপরের দিকে এগিয়ে আসার সাহসই হয়ে ওঠে পরিবর্তনের শুরু।