বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপি-র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিতর্ক ক্রমশ বাড়ছে। তার মধ্যেই শুক্রবার সকালে ইকো পার্কে হাঁটতে বেরিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলে দিলেন, ‘পরিবর্তন হয়েছে। সব কিছুই হবে। একটু অপেক্ষা করুন, ছ’মাস।’ একই সঙ্গে দেশবিরোধী স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগেও একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে বলে অভিযোগ করেছিল এবিভিপি। এদিন দিলীপের মুখেও শোনা গিয়েছে সেই সুর। সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আগে এসএফআইয়ের অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের লোকেরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, তা হলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে।’
যাদবপুরে তৃণমূল ‘দেশবিরোধীদের পুষেছিল’ বলেও মন্তব্য করেন তিনি। খুব স্পষ্ট ভাষায় দিলীপ বলে দেন, ‘আগে যখনই এরকম কিছু হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি। তৃণমূলই ওখানে দেশবিরোধীদের পুষে রেখেছিল।’ এর পরেই রাজ্যে পালাবদলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন হয়েছে। সব কিছুই হবে। ছ’মাস অপেক্ষা করুন।’
উল্লেখ্য, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে জেনারেল বডির মিটিং চলাকালীন এবিভিপি-র সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাম মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েক জন। তাঁদের কেপিসি হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাল্টা বাম সংগঠনগুলির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবিভিপি।
রাতেই ঘটনাস্থলে যান যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি বামেদের হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও গোটা ঘটনা থেকে দূরত্ব তৈরি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়। যাদবপুরের এই রকম অশান্তিতে বিজেপি ঢুকবে না।’ তবে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ।
১. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী নিয়ে অশান্তি?
বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
২. দিলীপ ঘোষ কী বলেছেন?
দিলীপ ঘোষ বলেন, ‘‘পরিবর্তন হয়েছে। সব কিছুই হবে। একটু অপেক্ষা করুন, ছ’মাস।’’ একই সঙ্গে যাদবপুরে দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে বলে হুঁশিয়ারি দেন।
৩. কেন ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর কথা বললেন দিলীপ?
দিলীপের দাবি, এর আগে যাদবপুরে দেশবিরোধী গতিবিধি দেখা গেলে এসএফআইয়ের অফিস ভেঙে দেওয়া হয়েছিল। ফের একই ধরনের ঘটনা ঘটলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে বলে তিনি মন্তব্য করেন।
৪. যাদবপুরের ঘটনায় বিজেপির অবস্থান কী?
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় বিজেপি জড়াবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।
৫. বুধবার রাতে কী ঘটেছিল?
অরবিন্দ ভবনে জেনারেল বডির মিটিং চলাকালীন এবিভিপির সদস্যরা হামলা চালায় বলে বাম সংগঠনগুলির অভিযোগ। কয়েক জন পড়ুয়া জখম হন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাল্টা বাম সংগঠনগুলির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবিভিপি।