রেড রোডে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। শুক্রবার সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে। ভেঙে পড়ে পুরো গার্ডওয়াল। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সামান্য চোট লাগলেও তিনি নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। আচমকাই গোঁত্তা খেয়ে রাস্তার পাশের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারেন। গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ।
ঘটনার পর রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। পরে গাড়ির চালককে আটক করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার সময়ে গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, চালক মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।
উল্লেখ্য, গত জুনেও ফোর্ট উইলিয়ামের সামনে একটি পুলকার উল্টে গুরুতর জখম হয় তিন স্কুল পড়ুয়া। রেড রোডের দিক থেকে একটি গাড়ি এসে জেএন আইল্যান্ডের কাছে পার্ক স্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। মাঝরাস্তায় উল্টে যায় পুলকার। গাড়িতে বেশ কয়েক জন পড়ুয়া ছিল। এর মধ্যে তিন জন জখম হয়। তার আগে জানুয়ারিতে কুচকাওয়াজের মহড়া চলাকালীন দুর্ঘটনাও ঘটেছিল রেড রোডে।
১. কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?
রেড রোডে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে দুর্ঘটনাটি ঘটে।
২. কী ভাবে দুর্ঘটনা ঘটল?
দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।
৩. গাড়ির চালক কি আহত হয়েছেন?
হ্যাঁ। সামান্য চোট লাগলেও চালক নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
৪. চালককে কি গ্রেফতার করা হয়েছে?
পুলিশ ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
৫. চালক মত্ত অবস্থায় ছিলেন কি না জানা গিয়েছে?
এখনও তা নিশ্চিত নয়। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা জানতে তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
৬. পুলিশ আর কী তদন্ত করছে?
দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ কত ছিল, কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।