এই সময়, কোচবিহার: মাথায় বন্দুক ঠেকিয়ে,ভয় দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে দু’লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ীর বাবা অপহরণের অভিযোগ জানান থানায়। পুলিশ তদন্তে নেমে বিজেপির জেলা কমিটির সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম পঙ্কজ সাহা। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। দিনকয়েক আগেই কোচবিহারের বক্সিরহাট থানা এলাকাতেও একই কাণ্ড ঘটিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক বিজেপির মণ্ডল সহ-সভাপতি।
১৫ অগস্ট শীতলখুচি গোঁসাইয়ের হাটে ধান কিনতে গিয়েছিলেন ইসমাইল মিঁয়া নামে এক যুবক। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময়ে তাঁকে ফোন করে একটি ব্যাঙ্কের সামনে ডাকেন এক ব্যক্তি। অভিযোগ, সেখানে ১০-১২ জন দুষ্কৃতী ইসমাইলকে বন্দুক দেখিয়ে অপহরণ করে মোটরবাইকে চাপিয়ে নির্জন জায়গায় নিয়ে যান। পরে গভীর রাতে ২ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেন। বাড়িতে এসে ওই যুবক বাবা সইজার মিঁয়াকে বিষয়টি জানান। তিনি শীতলখুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ফোনের সূত্র ধরে পঙ্কজের জড়িত থাকার যোগসূত্র খুঁজে পান। বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগকারী সইজার বলেন, ‘অপহরণকারীদের দেখলে ছেলে চিনতে পারবে। তবে কোনও বিজেপি নেতা ছিল কি না, তা জানা নেই। আমরা রাজনীতি করি না। শুধু ব্যবসা করি।’ পঙ্কজকে বৃহস্পতিবার মাথাভাঙা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ‘দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। ওই ব্যক্তি দোষী কি না, তা বিচারাধীন রয়েছে। তবে দলগত ভাবে তদন্ত করে দেখা হবে। যদি তিনি দোষী হন, তাহলে দল ব্যবস্থা নেবে।’