• নাবালিকাকে অপহরণের অভিযোগ, বেকসুর খালাস দৃষ্টিহীন যুবক
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • এই সময়, তমলুক: নাবালিকাকে অপহরণের অভিযোগে ২০২৩–এ গ্রেপ্তার হয়েছিলেন দৃষ্টিহীন এক যুবক। জামিন পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। বৃহস্পতিবার তমলুক আদালতে দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলা মামলার নিষ্পত্তি হলো। অভিযোগ প্রমাণিত না–হওয়ায় বেকসুর খালাস পেলেন বছর ২৩–এর ওই যুবক। যুবকের পাশে দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এলএডিসিএস (লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেম)-এর আইনজীবীরা।

    ২০২৩–এ উত্তর ২৪ পরগনার দৃষ্টিহীন ওই যুবক তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির হোমে থাকতেন। সেই সময়ে পূর্ব মেদিনীপুরের এক নাবালিকাও ওই হোমে থেকে পড়াশোনা করত। সেখানেই দু’জনের পরিচয় হয়। ওই বছরের সেপ্টেম্বরে দৃষ্টিহীন যুবকের বিরুদ্ধে তমলুক থানায় নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় নাবালিকাকেও। ওই যুবক পরে জামিন পান।

    ২০২৪–এর ফেব্রুয়ারিতে ফের ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করে নাবালিকার পরিবার। তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। যদিও ওই যুবক প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেন। এলএডিসিএস-এর আইনজীবী শাহিন খান জানান, গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই ওই যুবকের জামিনের ব্যবস্থা করা হয়। এ দিন তিনি বেকসুর খালাস পেয়েছেন। ওই যুবকের কথায়, ‘আইনজীবীরা পাশে ছিলেন বলেই আজ জীবনের মূলস্রোতে ফিরছি। এখন একটি প্লেট কারখানায় কাজে যোগ দেবো।’ ওই যুবকের মা বলেন, ‘অভাবের সংসার। ছেলের জন্য কিছুই করতে পারিনি। আইনজীবীরা নিখরচায় মামলা লড়ে পাশে দাঁড়িয়েছিলেন বলেই ছেলে মাথা উঁচু করে বাড়ি ফিরল।’

  • Link to this news (এই সময়)