• কাটমানি, তোলাবাজির অভিযোগ, দেবকে নিয়ে হোর্ডিং, পোস্টারে বিতর্ক
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • এই সময়, ঘাটাল: কাটমানি, তোলাবাজির অভিযোগ তোলার পাশাপাশি কেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের এলাকায় দেখা পাওয়া যাচ্ছে না—সেই প্রশ্ন তুলে পড়েছে হোর্ডিংস পোস্টার। বৃহস্পতিবার সকালে হোর্ডিংগুলি দেখা যায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের ধারে ঘাটাল ও দাসপুরের বিভিন্ন জায়গায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

    ঘাটালের কাটান এলাকা থেকে দাসপুরের নিমতলা, বেলিয়াঘাটা–সহ বিভিন্ন এলাকায় এই ধরনের হোর্ডিং লাগানো হয়েছে। তাতে দেব–এর ছবি দিয়ে লেখা রয়েছে, ‘৩০ শতাংশ কাটমানি খোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায়, শুটিং করতে ব্যস্ত? আপনি এত বছর এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কী করেছেন? জনগণের টাকা, আপনার শুটিং, আরাম?’ দেব ছাড়াও ঘাটালে তাঁর প্রতিনিধি রামপদ মান্না-র বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ ওই সব হোর্ডিংয়ে রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ‘দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি। ৩০ পার্সেন্ট কাটমানি খোরের পিএ প্রমোটাররাজ, ঘাটাল শিশু মেলার টাকা লুট, চাকরির তোলাবাজ এখন কোথায়?’ দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায় এবং দাসপুরের তৃণমূল নেতা কৌশিল কুলভির নাম করেও তাঁদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে হোর্ডিং দেওয়া হয়েছে।

    তবে এই ধরনের হোর্ডিং কে বা কারা দিয়েছে তার কোনও উল্লেখ নেই। হোর্ডিং প্রসঙ্গে দেব ও তাঁর দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের ঘাটাল সাংগঠনিক জেলা সহ–সভাপতি প্রশান্ত বেরা বলেন, ‘বিজেপির তরফে এ কাজ করা হয়নি। তবে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। ভোটের ফল ঘোষণার পর থেকে তাঁকে তাঁর সাংসদ এলাকায় দেখা যায়নি। সবং, ঘাটালে বন্যা পরিস্থিতি। এই সময়েও সেখানকার মানুষ তাঁদের সাংসদের দেখা পাননি। তিনি মানুষের ভোট নিয়ে সাংসদ হয়েছেন। আমরা চাই যতদিন তিনি সাংসদ রয়েছেন এলাকায় আসুন, মানুষের পাশে দাঁড়ান।’

    এ ব্যাপারে রামপদ মান্না ও দাসপুরের দুই তৃণমূল নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কেউ কোনও মন্তব্য করতে চাননি।

  • Link to this news (এই সময়)