• দক্ষিণের রাজ্যগুলো মিলেমিশে থাকার বার্তা শাহের
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: ‘দেশের সার্বিক বিকাশকে পাখির চোখ করুন৷ ২০৪৭ সালে দেশের স্বাধীনতার শতবর্ষের আগে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পারস্পরিক রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে ফেলুন’— দক্ষিণ ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

    বৃহস্পতিবার তামিলনাড়ুর মহাবলীপূরমে আয়োজিত ৩১তম দক্ষিণ আঞ্চলিক পরিষদের বৈঠকে এই আহ্বান জানিয়েছেন শাহ। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়, কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার৷

    এ ছাড়াও উপস্থিত ছিলেন তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী এবং পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল এবং বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আমলারা৷ এদিনের বৈঠকে শিবকুমার দাবি তোলেন, লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ অটুট রেখেই এক–তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ দেওয়া হোক৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস ফর্মুলার জেরে কোনও ভাবেই দক্ষিণ ভারতের কোনও রাজ্যের উপরে যেন কোনও প্রভাব না পড়ে। একই ভাবে কেন্দ্রের ডিলিমিটেশন পদক্ষেপে আপত্তি তোলেন বিজয়ও।

    শিবকুমার এবং বিজয় দু’জনেরই বক্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণের রাজ্যগুলো ব্যাপক সাফল্য পেয়েছে। আসন পুনবির্ন্যাস করতে গিয়ে দক্ষিণের রাজ্যের এই সাফল্য যেন তাদের রাজনৈতিক কণ্ঠস্বর দুর্বল হওয়ার কারণ হয়ে না দাঁড়ায়। সূত্রের দাবি, শিবকুমার এবং বিজয়ের তোলা এই ইস্যু সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার করা হবে এবং রাজ্যগুলির স্বার্থ ক্ষুণ্ণ হবে না বলে সব মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করেছেন শাহ।

  • Link to this news (এই সময়)