• JU-এ তাণ্ডবের ঘটনায় তদন্ত কমিটি, আর কী কী সিদ্ধান্ত উপাচার্যের?
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে প্রবল দ্বন্দ্বের জেরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবারও দিনভর উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখোমুখি যুযুধান দুই পক্ষকে সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। এই পরিস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জেরে সব স্টেকহোল্ডারের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

    কী কী জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?

    ১. উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। ২১ অগস্টের মধ্যে এই কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    ২. ১৯ অগস্ট রাতে এবং ২০ অগস্টের ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে যাদবপুর থানায় পুলিশ অভিযোগ দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ৩. ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার বিকেল ৩টায় সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে বৈঠক করা হবে।

    ৪. ১৯ অগস্ট রাতের ঘটনার সমস্ত CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। তদন্ত কমিটির হাতে সেই ফুটেজ তুলে দেওয়া হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে বেআইনিভাবে প্রবেশ করা বাইরের ব্যক্তি-সহ ঘটনায় জড়িত অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করা হবে।

    ৫. বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি হয়েছিল কি না, সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে। গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    ৬. তদন্ত কমিটির কাজের পরিধি বা Terms of Reference কী হবে, তা আগামী শুক্রবার, ২১ অগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতভর তাণ্ডব চলে। বহিরাগত ঢুকিয়ে গভীর রাতে ক্যাম্পাসে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বাম ছাত্র সংগঠনগুলি। তার পরে বৃহস্পতিবারও চলল তাণ্ডব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেমের নকশা তৈরি করেছিলেন শিল্পী নন্দলাল বসু। বিশ্ববিদ্যালয়ের সেই এমব্লেম এ দিন ভেঙে গেল। বিষয়টি নিয়ে সরব হয়েছেন একাধিক প্রাক্তনী এবং প্রাক্তন অধ্যাপক।

  • Link to this news (এই সময়)