• ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে এ বার স্থানীয় থানা, নির্দেশ লালবাজারের
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • এতদিন কলকাতার ব্যাঙ্কগুলির উপরে নজরদারি ও নিরাপত্তা দেখার দায়িত্ব ছিল লালবাজারের ডাকাতি দমন শাখার উপরে। এ বার থেকে সেই দায়িত্ব দেওয়া হল শহরের থানাগুলিকে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।

    শুধু ব্যাঙ্কিং আওয়ারেই নয়, বন্ধ থাকাকালীনও ব্যাঙ্কগুলির উপর নজরদারি জারি রাখতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। আরও বলা হয়েছে, টহলরত পুলিশকর্মীদের নিয়মিত ব্যাঙ্কে ঢুকে খোঁজখবর নিতে হবে। নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি ব্যাঙ্কের সিসি ক্যামেরা, আপদকালীন অ্যালার্ম, নিরাপত্তারক্ষীর সংখ্যা ও দক্ষতা যাচাই করতে হবে। ব্যাঙ্কের আশপাশে কোনও সন্দেহজনক ব্যক্তি বা গাড়ি দেখলেই তার গতিবিধির উপর কড়া নজর রাখতে হবে।

    ব্যাঙ্কের ম্যানেজার ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা এ বার শুধু গোপন তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও অপরাধী শনাক্তকরণের কাজ করবে। প্রয়োজনে তারা থানাকে সাহায্য করবে। ব্যাঙ্ক খোলা-বন্ধের সময় টহল বাড়াতে হবে।

  • Link to this news (এই সময়)