দেশমাতৃকার সুরক্ষায় নিজেকে নিবেদিত রাখার মাঝেই নেমে এল ঘোর অমানিশা। কর্মরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর নির্ভীক সুবেদার অনুপ কুমার পণ্ডা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ক্যান্টনমেন্টে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছিলেন তিনি। সেখানেই কর্তব্যরত অবস্থায় ঘটে যায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। দেশসেবায় নিয়োজিত এক বীর সেনার এমন আকস্মিক ও অকাল প্রয়াণের খবর পৌঁছাতেই নিমেষে গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। একজন চটপটে, দায়িত্বশীল ও প্রাণোচ্ছ্বল সেনা কর্মকর্তার এই অসময়ে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও স্বজনেরা।