• যাদবপুরের অশান্তিতে নাক গলাবে না BJP, স্পষ্ট বার্তা শমীকের, ছাত্র সংসদ নির্বাচনের দাবি SFI-এর
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর বিবাদে বিজেপির কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই ঘটনায় দল কোনওভাবে হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাল্টা এসএফআইয়ের দাবি, যদি বিজেপির যাদবপুর নিয়ে এতটাই চিন্তা থাকে, তা হলে অবিলম্বে সেখানে ছাত্র সংসদের নির্বাচন করা হোক।

    বৃহস্পতিবার সকাল থেকেই একদিকে বুধবার রাতের যাদবপুরে তাণ্ডবের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি, অন্য দিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে ভাঙচুর, রাজনৈতিক দলের পতাকা পোড়ানো-সহ একাধিক অভিযোগ ওঠে। তবে শমীকের কথায়, ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির ছাত্র সংগঠন নয়। কোনও সংগঠনের পতাকা পোড়ানো বিজেপির সংস্কৃতি নয়। ক্যাম্পাসের ভিতরে এবিভিপি কী ভাবে রাজনীতি করবে, সেটা তাদের বিষয়।’ তাঁর স্পষ্ট বক্তব্য, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও ঘটনা ঘটলে তাতে বিজেপি সরাসরি হস্তক্ষেপ করবে না।

    তবে একই সঙ্গে তিনি বামপন্থী ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে জানান, ক্যাম্পাসে কেউ পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করলে বিষয়টি সম্পূর্ণ আলাদা ভাবে দেখা হবে। শমীক বলেন, ‘কেউ যদি পেশীশক্তির আস্ফালন দেখিয়ে প্রাসঙ্গিক হতে চায়, তা হলে স্থানীয় বিধায়ক অবশ্যই সেখানে যাবেন।’

    অন্য দিকে, এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম জেন জিরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। তার পরেও এতটুকু লজ্জা নেই। তার পরেও এই বোধ নেই যে, জোর করে এই গুঁতোগুঁতি করে তরুণ প্রজন্ম থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। যদি এতটাই যাদবপুর নিয়ে চিন্তিত হন, ছাত্রভোট করুন না। এসএফআই বুঝে নেবে।’

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির সূত্রপাত একটি জিবি মিটিংকে কেন্দ্র করে। বুধবার রাতে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় দাবি করেন, ছাত্র সংসদ না থাকলেও রাতে জিবি মিটিং করা হচ্ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই (SFI) এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির সেই মিটিং-এর বিরোধিতা থেকেই শুরু হয় দুই পক্ষের গোলমাল। পাল্টা সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হাইকোর্টের যে মামলার কথা বলা হচ্ছে, সেই মামলায় আমি পিটিশনার এবং আইনজীবী। সেই মামলায় নির্দেশ ছিল, গোটা রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার। সেখানে কোনও জিবি মিটিংয়ের উল্লেখ নেই।’

    ১. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে কী বললেন শমীক ভট্টাচার্য?

    শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংগঠনগুলির কোনও ঘটনায় BJP সরাসরি হস্তক্ষেপ করবে না। তবে পেশিশক্তির প্রদর্শন হলে বিষয়টি আলাদাভাবে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

    ২. ABVP কি BJP-র ছাত্র সংগঠন?

    শমীক ভট্টাচার্যের দাবি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP BJP-র ছাত্র সংগঠন নয়। ক্যাম্পাসে ABVP কীভাবে রাজনীতি করবে, সেটি তাদের বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি।

    ৩. SFI কেন ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছে?

    SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি, BJP যদি সত্যিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়, তাহলে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত।

    ৪. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির সূত্রপাত কীভাবে?

    একটি GB মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে অশান্তির সূত্রপাত বলে দাবি করা হয়েছে। SFI ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন সেই মিটিংয়ের বিরোধিতা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয় বলে অভিযোগ।

    ৫. হাইকোর্টের নির্দেশ নিয়ে কী দাবি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়?

    সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, হাইকোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর বক্তব্য, মামলায় রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ ছিল, কিন্তু কোনও GB মিটিংয়ের উল্লেখ ছিল না।

  • Link to this news (এই সময়)