• বদলের বাংলায় মোদি-শুভেন্দু রাখিই এবার হটকেক! পদ্মের চাহিদাও তুঙ্গে
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৬
  • রাখিবন্ধনের উৎসব যত এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে রাখির বাজারের চেনা ছবি। রঙিন সুতো, পুঁতি কিংবা কারুকাজের পাশাপাশি এবার সিউড়ির বিভিন্ন দোকানে নজর কাড়ছে রাজনৈতিক মুখ ও প্রতীক দিয়ে তৈরি রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং বিজেপির প্রতীক পদ্ম-এই তিন ধরনের নকশাকে ঘিরেই এখন বিশেষ ব্যস্ততা স্থানীয় রাখি শিল্পীদের। সাধারণত রাখীর বাজারে নানা নকশা, কার্টুন চরিত্র কিংবা ধর্মীয় প্রতীকের ব্যবহার দেখা যায়। রাজনৈতিক ভাবধারাকে কেন্দ্র করে রাখি তৈরি অবশ্য নতুন নয়। তবে এবার যে পরিমাণে রাজনৈতিক রাখির বরাত এসেছে, তা গত কয়েক বছরের তুলনায় আলাদা বলেই দাবি কারিগরদের।

    বিশেষ করে বিজেপির দলীয় প্রতীক এবং দলের সঙ্গে যুক্ত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি দিয়ে তৈরি রাখির চাহিদা বাড়ছে বলে ব্যবসায়ীদের বক্তব্য। সিউড়ির রাখি প্রস্তুতকারক অক্ষয় মালাকার বলেন, ইতিমধ্যেই বিজেপির তরফে প্রায় দু’হাজার রাজনৈতিক রাখির বরাত এসেছে। সেই চাহিদা আরও বাড়তে পারে ধরে নিয়ে তাঁরা প্রায় পাঁচ হাজার রাখি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আগে থেকে পাওয়া বরাত অনুযায়ী সরবরাহের পাশাপাশি দোকানেও এগুলি বিক্রির জন্য রাখা হচ্ছে। খুচরো বাজারেও ক্রেতাদের মধ্যে এই ধরনের রাখি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানান তিনি।

    রাজনৈতিক প্রতীককে রাখির নকশায় ব্যবহারের নজির অবশ্য আগের রাজ্য সরকারের সময়েও ছিল। সে সময় সরকারি উদ্যোগে তৎকালীন সরকারের পরিচিত প্রতীক বা লোগো ‘ব’ ব্যবহার করে রাখি তৈরি হয়েছিল। কিন্তু সেই রাখীর মূল ব্যবহার সীমাবদ্ধ ছিল সরকারি অনুষ্ঠানকেন্দ্রিক কর্মসূচিতে। সাধারণ বাজারে তার চাহিদা তেমন তৈরি হয়নি বলেই দাবি সংশ্লিষ্টদের।
  • Link to this news (প্রতিদিন)