থিমের ভিড়ে কি হারিয়ে যাচ্ছিল পুজোর আসল অনুভূতি? ২০২৬ দুর্গাপুজোয় আবার ফিরছে বাঙালির সেই রাজকীয় সাবেকিয়ানা! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন বাকি নেই। ভাদ্র মাসের প্রথম থেকে উৎসবের কাউন্টডাউন শুরু হতেই প্রতিমা শিল্পীদের নাওয়া-খাওয়ার সময় নেই। মেতে উঠেছেন প্রতিমার কাঠামো তৈরি ও খড়ে দেহে মাটির আস্তরণ দিতে। আধুনিকতার জাঁকজমক ও অতিরিক্ত থিম সংস্কৃতির ভিড় ঠেলে বাঙালির পুজোয় আবার সগৌরবে ফিরছে আসল সাবেকিয়ানা। খাঁটি মাটির ছোঁয়া, ধ্রুপদী চোখ আর ঐতিহ্যবাহী চালচিত্রই এবার মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হতে চলেছে। অন্তত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে নামিদামি শিল্পীদের কাছে প্রতিমা তৈরির বরাত এসেছে সাবেকিয়ানায়।