• টার্গেট ৬৮ হাজার কর্মসংস্থান, বিভিন্ন শিল্পতালুকে জমি লিজের অনুমোদন
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং শাখায় ১১৬৬টি পদ সৃষ্টি এবং নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। একইসঙ্গে রাজ্যে ৬৮ হাজার ৫৩৯ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি সংস্থাকে বিভিন্ন শিল্পতালুকে জমি লিজ দেওয়ার ছাড়পত্রও দেওয়া হল। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয় ৩৪টি গুরুত্বপুর্ণ প্রস্তাব। যার মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান এবং বন্যা মোকাবিলা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের জন্য জমি বরাদ্দ। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রের কৃতিদের পাশে দাঁড়াতেও একগুচ্ছ প্রস্তাবে গ্রিন সিগন্যাল দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আইন দপ্তরের অধীন বিভিন্ন বিভাগের জন্য ৬টি ল’অফিসারের পদ, আসানসোল পুরসভার জন্য একটি ল’অফিসারের পদ, বারুইপুরে সূর্যপুর রুরাল পুলিশ আউটপোস্টের জন্য ১৯টি পদ সৃষ্টি, পাবলিক সার্ভিস কমিশনে চেয়ারম্যান ছাড়াও ৬ সদস্যের জায়গায় ১০ সদস্য, কলকাতা হাইকোর্টের কারপুলের জন্য ১০ ড্রাইভার, দুর্গাপুর, মালদহ, খড়গপুর এবং নদীয়ায় অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স থানার জন্য ৫৯১ পদ সৃষ্টি, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের জন্য ৪৬১টি পদ সৃষ্টি, নারী নির্যাতন বিরোধী কমিশনে ৬৮টি পদ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের জন্য ৫৭টি পদ। আবার আলিপুরদুয়ারের সংকোশ নদীর ভাঙনের ফলে অব্যবহৃত হয়ে পড়া প্রায় ১১৮.৪২ একর জমি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

    জলপাইগুড়ির চামুর্চি চা বাগানে স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোর নতুন ফ্রন্টিয়ার চেকপোস্ট এবং ওসিআর কমপ্লেক্স নির্মাণের জন্য জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া ছাড়াও হাওড়ায় নদী সংস্কার এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের নির্দিষ্ট অংশে পর্যটন, হোম স্টে, রিসোর্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যকলাপের সুযোগ বাড়াতে ‘টি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি, ২০১৯’ সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। 

    রাজ্যের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য পুরস্কারের অর্থ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। আবার চালু হবে ‘শ্যামা প্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্পও’। কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং টেকসই কৃষিকে উৎসাহ দিতে এডিবি’র সাহায্যে ২,২৫০ কোটি টাকার প্রকল্প নেওয়ার ক্ষেত্রে গ্রিন সিগনাল দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ১,৭৯৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে এডিবি। প্রকল্পের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং টেকসই কৃষিকে উৎসাহ দেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের সংলগ্ন আন্ডারপাস নির্মাণেও এদিন ছাড়পত্র দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)