• ফের ট্রাক থেকে টোল আদায় দু’শো থেকে বেড়ে এখন ৩০০ টাকা
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ফের বিতর্কে দিনহাটা পুরসভা। টোল বন্ধ করা তো দূরের কথা, উলটো টোল বাড়িয়ে ৩০০ টাকা করা হল। এনিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরবোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লরি মালিকরা। পাশাপাশি, বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী এনিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। 

    কোচবিহার জেলা মাল্টি এক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমলরাজ ছেত্রী অভিযোগ করে বলেন, গত সপ্তাহে লরি পিছু ২০০ টাকা টোল নেওয়া হচ্ছিল। এই সপ্তাহ থেকে টোল বাড়িয়ে ৩০০ করা হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে। 

    মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত বেআইনি টোল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সেসময় কোচবিহার, মেখলিগঞ্জ ও দিনহাটা পুরসভার সমস্ত টোল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু, কিছুদিন হল দিনহাটা পুরসভা আবারও দু’টো টোলগেট চালু করেছে। যা নিয়ে ‘বর্তমান’-এ খবরও প্রকাশিত হয়। 

    মুখ্যমন্ত্রী বলার পরেও কেন টোল সংগ্রহ করা হচ্ছে? উত্তরে দিনহাটা পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী দাবি করেন, আমাদের ভাঁড়ার শূন্য। তাই প্রশাসনের অনুমতি নিয়ে টোলগেট দু’টো পুনরায় খোলা হয়েছে। 

    প্রশাসন কেন অনুমতি দিল, জানতে চাওয়া হলে দিনহাটার মহকুমা শাসক ভরত সিং এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। 

    মালদহের ইংলিশবাজারের প্রাক্তন বিধায়ক বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী এনিয়ে বুধবার তাঁর সোশ্যাল মিডিয়ায় পেজে সরব হন। দিনহাটা পুরসভা বেআইনিভাবে টোল সংগ্রহ করছে দাবি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি মুখ্যমন্ত্রী এবং পরিবহণমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। 

    তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভা কী মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করছে, উত্তরে প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, পুরদপ্তরের নির্দেশ রয়েছে, পুরসভা কোনোরকম অপব্যবহার ছাড়া আইনত টোল সংগ্রহ করতে পারে। যেহেতু পুরসভার নিজস্ব ফান্ড কমে যাচ্ছে, তাই নেওয়া হচ্ছে। কারণ, টোল থেকে প্রচুর রাজস্ব আদায় হয়। তাছাড়া পুরসভা আইন মেনেই টোল সংগ্রহ করছে। • শ্রীরূপা মিত্র চৌধুরীর পোস্ট।
  • Link to this news (বর্তমান)