• জেলার ২৬১ বেসরকারি স্কুলকে শোকজ ডিআইয়ের, গুনতে হতে পারে জরিমানা
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিয়ম মেনে না চলায় ২৬১টি বেসরকারি স্কুলকে শোকজ করলেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে না পারলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ইতিমধ্যেই স্কুলগুলির কাছে পৌঁছে গিয়েছে শোকজ লেটার। বলা হয়েছে, শোকজ নোটিস হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এসআই অফিসে সংশ্লিষ্ট স্কুলকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নতুবা এককালীন ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সাতদিন পেরিয়ে যাওয়ার পর প্রতিদিন ১০ হাজার টাকা করে বাড়বে জরিমানার অঙ্ক। যদি নথিপত্র কিংবা জরিমানা কোনোটাই জমা না পড়ে, সেক্ষেত্রে সরকারি নিয়ম মেনে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ করবে স্কুল শিক্ষাদপ্তর। বন্ধ করে দেওয়া হতে পারে স্কুলগুলি। 

    বুধবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলকুমার রায় বলেন, সরকারি অনুমোদন ছাড়াই কিংবা নিয়ম মেনে না চলায় জেলায় ২৬১টি বেসরকারি স্কুলকে শোকজ করা হয়েছে। আমরা চাই, প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে শিক্ষাদপ্তরের কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে স্কুলগুলি চলুক। যেসব স্কুলকে শোকজ করা হয়েছে, সাতদিনের মধ্যে নথিপত্র জমা দিতে বলা হয়েছে তাদের। এসআই অফিসে কাগজপত্র জমা পড়ার পর তা খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়া হবে। নতুবা স্কুলগুলিকে গুনতে হবে জরিমানা। সেক্ষেত্রে যা নিয়ম রয়েছে, সেই মতোই ধার্য করা হবে জরিমানা। প্রয়োজনে বন্ধ করে দিতে হবে স্কুলগুলি।

    জেলা শিক্ষাদপ্তর সূত্রে খবর, নিয়ম না মেনে চলার অভিযোগে যেসব স্কুলকে শোকজের নোটিস ধরানো হয়েছে, সেগুলির বেশিরভাগই ইংলিশ মিডিয়াম ও মন্টেসরি। অভিযোগ, পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলির বেশিরভাগেরই পরিকাঠামো পর্যাপ্ত নয়। তাছাড়া ন্যূনতম সুরক্ষাবিধিও মানা হয় না ওইসব স্কুলে। তাছাড়া একটি স্কুল চালাতে গেলে যে শিক্ষাদপ্তরের নো-অবজেকশন সার্টিফিকেট লাগে, সেটাও নেই অধিকাংশ স্কুলের। অর্থাৎ, নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধরে চলছে ওইসব বেসরকারি স্কুল। 

    রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই নিয়ম না মেনে চলা ওইসব বেসরকারি স্কুলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে শিক্ষাদপ্তর। তারই প্রথম পদক্ষেপ হিসাবে শোকজ নোটিস ধরানো হয়েছে স্কুলগুলিকে। এদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শকের সই করা শোকজ নোটিস পেয়ে বিপাকে পড়েছে নিয়ম না মেনে চলা বেসরকারি স্কুলগুলি। সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে কোনো স্কুল কর্তৃপক্ষ দৌড়ঝাঁপ শুরু করেছে, কেউ কেউ আবার কিছুটা সময় চেয়ে জেলা শিক্ষাদপ্তরের কাছে আবেদন করছে। যদিও জেলা শিক্ষাদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়তি সময় দেওয়ার কোনো বিষয় নেই। নিয়ম অনুযায়ী শোকজের উত্তর দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)