নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে দলের কর্মসূচিতে ‘বন্দেমাতরম’ গানের সময় সোনিয়া গান্ধীর আচরণ নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, পিছু হটছে না কংগ্রেস। বুধবার ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে’ও এ ব্যাপারে আলোচনা শেষে হল সিদ্ধান্ত। পাশ হল প্রস্তাব। চার ঘণ্টার বৈঠক শেষে কে সি বেণুগোপাল এবং জয়রাম রমেশ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বিজেপি যতই রাজনীতি করার চেষ্টা করুক না কেন, আমরা আমাদের অবস্থানে অটল। সেটি হল, পুরো গান নয়। বন্দেমাতরমের দুটি স্তবকই গাওয়া হবে কংগ্রেসের অনুষ্ঠানে। তাঁরা জানান, ১৯৩৭ সালের ২৮ অক্টোবর কংগ্রেস অধিবেশনে গান্ধীজি, নেহরু, নেতাজি, সর্দার প্যাটেল, মৌলানা আজাদের মতো প্রথিতযশাদের উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন বন্দেমাতরম। দুটি স্তবক। রীতিমতো প্রস্তাব পাশ হয়ে ঠিক হয়েছিল, পুরো ছয় স্তবক নয়। দুটি স্তবকই গাওয়া হবে। সেই অবস্থানেই অটল থাকবে কংগ্রেস।