‘অভয়া’র ছায়া পানিপথে, হরিয়ানার হাসপাতালে ধর্ষণের শিকার মহিলা, দু’দিন পর মৃত্যু
বর্তমান | ২০ আগস্ট ২০২৬
পানিপথ: হরিয়ানার পানিপথের সরকারি হাসপাতালে অভয়াকাণ্ডের ছায়া। চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার ৫৮ বছরের মহিলা। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। দু’দিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাকেশ কুমার নামে অভিযুক্তকে। ধৃত হাসপাতালের সিটি-এমআরআই বিভাগে বেসরকারি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত।
পুলিশ জানিয়েছে, গত রবিবার পরিবারের লোকজন ওই মহিলাকে পানিপথের সিভিল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রথমে তাঁর এক্স-রে করানো হয়। এরপর সিটি স্ক্যানের সময় অভিযুক্ত বাড়ির সদস্যদের বাইরে অপেক্ষা করতে বলে মহিলাকে ধর্ষণ করে। নির্যাতিতা পুলিশকে জানান, প্রায় চার মিনিট তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রতিরোধও করতে পারেননি। রবিবার রাতেই তাঁকে রোহতকের পিজিআইএমএস হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে সেখানে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিতা ডায়াবেটিস ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। পানিপথ হাসপাতালের সিভিল সার্জন বিজয় মালিক জানিয়েছেন, ঘটনাস্থল অর্থাৎ ওই সিটি স্ক্যান কেন্দ্রটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত। ইতিমধ্যেই সেখানে নোটিস পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। তিনি আরও বলেন, ঘটনা সম্পর্কে রিপোর্ট তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সিটি স্ক্যান কেন্দ্রটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা মূল অভিযুক্ত সহ দুজন কর্মীকে বরখাস্ত করেছে। অন্যদিকে, হরিয়ানারই খানপুর কলানের ভগত ফুল সিং সরকারি মহিলা মেডিক্যাল কলেজ চত্বরে দুই মহিলা এমবিবিএস ইন্টার্নকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার কলেজ চত্বরে নির্মাণ কাজে নিযুক্ত এক শ্রমিক। গত ১৫ আগস্টের এই দুটি পৃথক ঘটনায় কলেজ চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান এমবিবিএস পড়ুয়ারা।