ফি জমা করতে ব্যর্থ ডায়মন্ড হারবার, অভিষেকের ক্লাবকে ছাড়াই আইএসএলের ঘোষণা
eTV Bharat | ২০ আগস্ট ২০২৬
কলকাতা, 20 অগস্ট: চলতি মরশুমে দেশের সর্বোচ্চ লিগে বাংলার নয়া একটি দলকে দেখার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা দিনের আলো দেখল না৷ গত মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (পূর্বতন আই লিগ) জিতে 2026-27 মরশুমে আইএসএলে অংশগ্রহণের যোগ্য়তা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি৷ কিন্তু ক্লাবজোটের অধীনে অনুষ্ঠিত হতে চলা লিগের নিয়ম মেনে পার্টিসিপেশন-ফি'র দ্বিতীয় কিস্তি জমা করতে ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মালিকানাধীন দল৷ আর সে কারণেই ডিএইচএফসি'কে ছাড়াই 2026-27 আইএসএলের ঘোষণা করে দিল ফেডারেশন৷
প্রথম কিস্তির টাকা জমা করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ বাবদ দ্বিতীয় কিস্তির টাকা এআইএফএফ'কে জমা করেনি ডায়মন্ড হারবার৷ তবে তাদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছিল৷ দ্বিতীয় কিস্তির টাকা জমা করার জন্য বুধবার দুপুর পর্যন্ত তৃণমূল কংগ্রেস সাংসদের দলকে সময় বেঁধে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ কিন্তু সেই ডেডলাইন মিস করায় ডায়মন্ড হারবার'কে ছাড়া আইএসএলের আনুষ্ঠানিক ঘোষণা বুধবার করে দিল ফেডারেশন৷ উন্নীত হওয়া ডায়মন্ড হারবার'কে ধরে প্রাথমিকভাবে 14 দলের লিগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে 13 দলের লিগ ঘোষণা করল ভারতীয় ফুটবলের গভর্নিং বডি৷
চলতি মরশুমে কলকাতা ফুটবল লিগ এবং ডুরান্ড কাপ থেকে আগেই দল তুলে নিয়েছিল ডায়মন্ড হারবার৷ তখন থেকেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল৷ সেই আশঙ্কায় সিলমোহর পড়ল বুধবার৷ হোম-অ্য়াওয়ে ভিত্তিতে পুরনো ডাবল রাউন্ড-রবিন ফরম্য়াটেই যে আইএসএল ফিরছে, তাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে৷ এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, "13টি অংশগ্রহণকারী ক্লাবকে নিয়ে আইএসএলের 2026-27 মরশুম অনুষ্ঠিত হবে৷ যা ডাবল রাউন্ড-রবিন ফরম্য়াটে হোম-অ্য়াওয়ে ভিত্তিতে খেলা হবে৷ খুব শীঘ্রই আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষিত হবে৷"
যা খবর তাতে সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোর পরেই বল গড়াবে দেশের সর্বোচ্চ লিগের৷ আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো৷ তারপরেই শুরু হবে আইএসএলের ত্রয়োদশ সংস্করণ৷ গত কয়েকমাস ধরেই আইএসএলের দলসংখ্যা এবং নতুন ক্লাবের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জট কাটিয়ে লিগ শুরুর ঘোষণায় খুশি দেশের ফুটবলপ্রেমীরা৷ ডুরান্ড কাপ শেষ হতেই আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়বে দলগুলো৷ আপাতত কিক-অফের দিনক্ষণ ও সূচি ঘোষণার প্রতীক্ষা৷