‘কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে’, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের
প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৬
‘কমিউনিস্টরা দেশদ্রোহী’, এমন অভিযোগ বারবার তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তা নিয়ে বাম ও ডানপন্থীদের মধ্যে বিস্তর বিতর্কও হয়েছে। সেসব বিতর্কেই এবার নয়া ইন্ধন জোগালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, ‘‘রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি। তারাই আরশোলা, ছারপোকাদের তৈরি করে। বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়। যারা আন্দোলনের নামে সমাজে অশান্তি বাঁধায়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
আসলে দিলীপ ঘোষের এহেন কমিউনিস্ট-বিরোধী মন্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সোমবার, বাঁকুড়ার ইন্দাসে। সেখানকার ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থক শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলায় তাঁর বাবার মৃত্যুর পর। সোমবার সংগঠনের সমর্থক হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে দিল্লি থেকে এসেছিলেন ‘ককরোচ’দের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা-সহ বেশ কয়েকজন। তাঁদেরই সঙ্গে দেখা গিয়েছে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাসদের। একসঙ্গে তাঁরা গিয়েছিলেন করিশুন্ডা গ্রামে, হাফিজের বাড়ি। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক পর্যন্ত আশুতোষদের পাশে পাশেই দেখা গিয়েছে শতরূপদের। সকলে তাঁরা হানিফকে ঘিরে ছিলেন।শুধু তাই নয়, হানিফের বাবা শেখ মাফিকের মৃত্যুর প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল এসএফআই। করিশুন্ডা গ্রামে জনতার উদ্দেশে শতরূপের বক্তব্যেও উঠে আসে ককরোচ প্রতিনিধিদের কথা।