• প্রাইভেট হাসপাতালেই FREE চিকিৎসা, কীভাবে পরিষেবা মিলবে? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
    আজ তক | ১৮ আগস্ট ২০২৬
  • বেসরকারি হাসপাতালের চিকিৎসার বিল অনেকের কাছেই ধরা ছোঁয়ার বাইরে। তাই রাজ্যের একটা বড় অংশের মানুষের ভরসা হল সরকারি হাসপাতাল। এখানে নিখরচায় চিকিৎসা করা যায়। তবে ভাল খবর হল, এবার বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

    বিষয়টা কী? 
    পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের উপর বিরাট চাপ। বিশেষত, কলকাতার মেডিক্যাল কলেজগুলির উপর প্রেশার বেশি। যার ফলে অনেক ক্ষেত্রেই হাসপাতালে বেড পেতে সমস্যা হয়। আর এই সমস্যারই সমাধান করতে চাইছে সরকার। এবার থেকে এমন পরিস্থিতিতে পড়া রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেবে সরকার। সরাসরি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে রোগীকে পাঠানো হবে। এক্ষেত্রে রোগীর যাবতীয় দায়িত্ব নেবে সরকার। চিকিৎসার জন্য এক টাকাও খরচা করতে হবে না। 

    রাজ্যে চালু পরিষেবা
    ইতিমধ্যেই রাজ্যের সুপার স্পেসালিটি হাসপাতাল এসএসকেএম-এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাইভেট মেডিক্যাল কলেজ কেপিসি। এবার থেকে কোনও রোগী এসএসকেএম-এ বেড না পেলে তাঁকে প্রয়োজনে কেপিসিতে পাঠাতে পারে রাজ্য সরকার। সেখানেই তাঁর নিখরচায় চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। 

    বিষয়টা নিয়ে বিশদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডা: মুখোপাধ্যায়ের দাবি, ইতিমধ্যেই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কম করে তিন থেকে চারটে বৈঠক করেছে সরকার। প্রায় আড়াই হাজার বেড সংরক্ষণ করা হয়েছে। নাগরিকদের জন্য নিখরচায় চিকিৎসা দেওয়া হবে। ইতিমধ্যেই মক ড্রিল হয়েছে। সেটা সফল হয়েছে। এবার থেকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালগুলিতে রোগী পাঠানো হবে। 

    এমন পরিস্থিতিতে অনেকেই ভাবতে পারেন, এই সুবিধা শুধুমাত্র শহরের জন্য। যদিও স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে শহর থেকে গ্রাম, সর্বত্র এই ধরনের পরিষেবা মিলবে। তাই গ্রামে থাকলেও চিন্তার কিছুই নেই। 

    কীভাবে পরিষেবা মিলবে? 
    বিষয়টা খুবই সহজ। প্রথমত, সরকারি হাসপাতালে রোগী আসবে। সেখানে বেড না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতরের কন্ট্রোলে রুমে যাবে। কোন বেসরকারি হাসপাতালে বেড খালি রয়েছে, সেই তথ্য কন্ট্রোল রুমের কাছে রয়েছে। সেই মতো কন্ট্রোল রুমই প্রয়োজনে বেড বুক করে দেবে। তারপর রোগীকে পাঠানো হবে সেই নির্দিষ্ট হাসপাতালে। এক্ষেত্রে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে পাঠানো সহ যাবতীয় কিছু হবে নিখরচায়। 
     

    কোন কোন সরকারি হাসাপাতাল বেসরকারি হাসপাতালের সঙ্গে জুড়ছে? 
    আপাতত এসএসকেএম জুড়ে গিয়েছে এই পরিষেবায়। এরপর কলকাতার আরজি কর, এনআরএস, কলকাতা মেডিক্যাল, সাগরদত্ত মেডিক্যালের মতো হাসপাতালকে এই পরিষেবায় যোগ করা হবে। 

    স্বাস্থ্যমন্ত্রীর মতে, সরকার এটা চায় না যে কোনও মানুষ সরকারি হাসপাতালে বেড নেই বলে যেন ফিরে না যান। তাঁদের বেসরকারি হাসপাতালেই ভর্তি করা হবে। 

     
  • Link to this news (আজ তক)