• সরছে নিম্নচাপ, তবু দক্ষিণে আজও ভারী বৃষ্টি, নজরে পশ্চিমের জেলাগুলি
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • এই সময়: বঙ্গোপসাগরে রবিবার ভোরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সোমবার সেটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে রবিবার গভীর রাত থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই শুরু হয়ে গিয়েছিল টানা বৃষ্টি, যা চলেছে সোমবার প্রায় সারা দিনই।

    হাওয়া অফিসের ব্যাখ্যা, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওই গভীর নিম্নচাপটি কলকাতার খুব কাছেই অবস্থান করছিল। সেই কারণেই ওই সময়ে বেশ কয়েক ঘণ্টা ধরে কলকাতা ও সংলগ্ন এলাকার উপরে বৃষ্টির প্রাবল্য বেশি ছিল। এ দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কলকাতায় ৪৪ মিমির বেশি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার দুপুরের মধ্যে ওই নিম্নচাপ প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম এবং পরে আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে প্রথমে ঝাড়খণ্ড ও তারপরে বিহারের দিকে সরে যাবে।

    আবহবিদরা জানিয়েছেন, এর প্রভাবে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির (৭–২০ সেমি) পূর্বাভাস রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। আগামিকাল, বুধবারও বৃষ্টির দাপট পুরোপুরি কমবে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ, মঙ্গলবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে।

    বুধ ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারও এই পরিস্থিতির খুব একটা বদল হবে না। ওই দিনও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ, পাহাড় থেকে সমতল—উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আগামী কয়েক দিন বর্ষার দাপট বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • Link to this news (এই সময়)