• দুষ্কৃতীদের ধরতে আক্রান্ত পুলিশ, বাদুড়িয়ায় ধৃত ৩
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • এই সময়, বাদুড়িয়া ও স্বরূপনগর: সীমান্ত এলাকায় নাবালিকা পাচারে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বাদুড়িয়ার সরফরাজপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃত আব্দুল কাইয়ুম মোল্লা বাংলাদেশ থেকে নাবালিকা পাচারের মূল অভিযুক্ত। তার সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুন্না গাজি ও আব্দুস সামাদকে। ধৃত আব্দুল কাইয়ুম মোল্লাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন।

    সম্প্রতি স্বরূপনগর সীমান্তে উদ্ধার হওয়া এক বাংলাদেশি নাবালিকাকে পাচারে নাম জড়ায় আব্দুল কাইয়ুমের। তার খোঁজে বাদুড়িয়ার সরফরাজপুরে তল্লাশিতে যায় বাদুড়িয়া ও স্বরূপনগর থানার পুলিশ।

    অভিযোগ, গ্রামে পুলিশ ঢুকতেই দুষ্কৃতীরা পুলিশের কাজে বাধা দেয় ও পুলিশকর্মীদের মারধর করে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এলাকায় তল্লাশি চালিয়ে আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করে। পুলিশের কাজে বাধা ও উপর হামলার অভিযোগে মুন্না গাজি ও আব্দুস সামাদ নামে আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

    গত ১ অগস্ট স্বরূপনগর সীমান্তে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করে বিএসএফ। পুলিশ ওই নাবালিকার সঙ্গে কথা বলে সীমান্তের এক দালালকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই আব্দুল কাইয়ুমের নাম ও ঠিকানা জানতে পারেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)