এই সময়, টিটাগড়: আরও বিপাকে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হলো। এ বার ব্যারাকপুরের বিজেপি নেতা তথা টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। রবিবার প্রয়াত বিজেপি নেতার বাবা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা টিটাগড় থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
২০২০ সালের ৪ অক্টোবর সন্ধ্যার কিছু পরে টিটাগড় থানার কাছেই খুন হয়েছিলেন মণীশ। বিজেপির অভিযোগ, গত ছয় বছরে তৃণমূলের আমলে সিআইডি মূল অভিযুক্তদের ধরতে পারেনি। মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা এ দিন বলেন, 'অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে ঘুরছে। মণীশ খুন হওয়ার পর আমরা নির্মল ঘোষের নাম অভিযোগপত্রে রেখেছিলাম। কিন্তু সে সময়ে পুলিশ সেই নাম যুক্ত করেনি।'
অভিযোগ, নির্মল ঘোষের বাড়ির পাশেই মণীশ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটরবাইক উদ্ধার হয়েছিল। চন্দ্রমণির দাবি, নির্মল ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হওয়ায় পুলিশ তাঁকে ছুঁতে পারেনি। তিনি বলেন, 'আমি আশা করছি পুলিশ দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের সাজা দেবে।'
স্থানীয় বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, 'নির্মল ঘোষ ছাড়াও আর যেসব রাজনৈতিক নেতার নাম জড়িত তাঁদের বিরুদ্ধেও সঠিক তদন্ত হোক।' রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, 'মণীশ শুক্লা খুনের ঘটনায় প্রথম দিন থেকেই যুক্ত নির্মল ঘোষ ও তাঁর ছেলে। রুনু নামে এক দুষ্কৃতীকে দিয়ে নির্মল ঘোষ খুনিদের নিরাপদ আশ্রয়ে পালাতে সাহায্য করেছিলেন। টিটাগড় থানার উচিত নির্মলকে হেফাজতে নিয়ে তদন্ত করা।' সম্প্রতি আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগে এফআইআর হয়েছিল নির্মলের বিরুদ্ধে।