বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, আজ তুমুল ঝড়বৃষ্টি, কলকাতা সহ কোন কোন জেলায় অ্যালার্ট?
আজ তক | ১৭ আগস্ট ২০২৬
ফের তৈরি হয়েছে নিম্নচাপ। সেটা শক্তিও বাড়াচ্ছে। যার জেরে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই মতো লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই আর সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গের সোমবারের আবহাওয়া লেটেস্ট আপডেট জেনে নিন।
তৈরি হয়েছে নিম্নচাপ
উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শেষ আপডেট অনুযায়ী, এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতায় অবস্থান করছে। সেটি আরও শক্তি বাড়বে। এটি উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার অ্যাক্টিভ রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সেটি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সোম থেকে শুরু করে কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনকী ভিজবে উত্তরবঙ্গও।
কলকাতায় কী হবে?
সোমবার, অর্থাৎ আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে রাজ্যের রাজধানীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ভোর থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস। তাই আজ অফিসে বেরনোর সময় অবশ্যই বর্ষার জন্য তৈরি থাকুন।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?
আজ শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
কোথায় কোথায় লাল সতর্কতা?
আজ রাজ্যের ৩ জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। তাই এই তিন জেলার অধিবাসীরা অবশ্যই আজ একটু সাবধানে থাকুন।
উত্তরবঙ্গে কী হবে?
আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তুমুল বৃষ্টি হবে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও বর্ষার দেখা মিলবে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অন্যান্য জেলাতেও বর্ষণ চলবে।
উত্তাল থাকবে সমুদ্র
নিম্নচাপ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে। তাই আজ সমুদ্রে মৎসজীবীদের যেতে বারণ করা হয়েছে।