মৃত্যুর আগে আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ থ্রেট দিয়েছিল? তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আজ তক | ১৭ আগস্ট ২০২৬
প্রবীণ তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ হুমকি দিয়েছিলেন বা ব্ল্যাকমেল করেছিলেন? এই বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কেউ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারকে মৃত্যুর আগে হুমকি বা ব্ল্যাকমেল করেছিলেন কি না, সেটা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জিতে হয়েছিলেন বিধানসভার ডেপুটি সুপার। আর সেই প্রবীণ বিধায়কেরই রবিবার দেহ উদ্ধার হয় বীরভূমের এক তৃণমূল কার্যালয় থেকে। পার্টি অফিস থেকে একটি চিঠিও উদ্ধার হয়েছে। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। তবে চিঠিতে রাজনীতিতে আসার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন। তিনি কোনও ধরনের দুর্নীতি করেননি বলেও দাবি করেছেন।
তবে সেই চিঠি আদৌ আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই চিঠিটা সত্যি কি না এবং সেটি আশিস বন্দ্যোপাধ্যায়েরই হাতের লেখা কি না, তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
আসলে রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'আমি তাঁর মৃত্যু এবং মৃত্যুর আগে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে পুলিশের সঙ্গে এবং জেলাশাসকের সঙ্গে কথা বলেছি।'
আর শুধু তদন্তের কথা বলেই চুপ করে থাকেননি শুভেন্দু। পাশাপাশি তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি পরিবারকে জিজ্ঞাসা করেছিলেন, আশিসবাবু কোনও ধরনের হয়রানি বা চাপের মুখে ছিলেন কি না। মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, পরিবার এমন কোনও অভিযোগ তাঁর কাছে করেনি।
যদিও ব্ল্যাকমেল বা হুমকির সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। বরং তাঁর মতে, তদন্তকারীদের সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা উচিত। বিশেষ করে তৃণমূলের কিছু ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে যুক্ত’ লোকজন আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রাখা উচিত বলে উল্লেখ করেন তিনি।
ইতিমধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সেই মতো মৃতের মোবাইল ফোন পুলিশ কমিশনার এবং বীরভূমের পুলিশ সুপারের হাতে তুলে দেওয়ার জন্য তাঁর পরিবারকে অনুরোধ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর মতে, কল রেকর্ড এবং মেসেজ খতিয়ে দেখা দরকার। এর মাধ্যমেই বোঝা যাবে মৃত্যুর আগে তিনি কোনও হুমকি পেয়েছিলেন কি না।
শুভেন্দু আরও জানান, ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কমিটিতে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সেই কমিটি থেকে পদত্যাগ করেছিলেন।
এমন পরিস্থিতিতে আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন সৎ, ভদ্র এবং স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল বলেও জানান।