সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে দোসর বৃষ্টি। কখনও ঝিরিঝিরি, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে এ ভাবেই ঘুম ভাঙল শহর কলকাতার। আর আবহাওয়ার এমন পরিস্থিতির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলবর্তী অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। স্যাটেলাইট মানচিত্রেও ধরা পড়েছে সেই ছবি। সোমবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার জেরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।
সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের আশেপাশে থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। অন্য দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি, মালদা এবং দুই দিনাজপুরেও বৃষ্টি চলবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
এক নজরে
FAQ
রাজ্যে এই টানা বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ কী?
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এটিই বর্তমান দুর্যোগের মূল কারণ।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে?
চরম ভারী বৃষ্টির আশঙ্কায় সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির সঙ্গে শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উপকূলীয় এলাকাগুলিতে বাতাসের গতিবেগ কেমন থাকতে পারে?
উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে কবে এবং কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরেও বৃষ্টি অব্যাহত থাকবে।