• পুরসভা নির্বাচনের আগে রাজ্য সম্মেলনের মাধ্যমে সংগঠনের শক্তি বৃদ্ধিতে ঝাঁপাচ্ছে কংগ্রেস
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
  • রাহুল চক্রবর্তী, কলকাতা: চলতি বছরের শেষের দিকে রাজ্য পুরসভা ভোট হতে পারে, এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে আলাপ-আলোচনাও চলছে। ঘটনাচক্রে গত সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে পাস করানো হয়েছে হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত বিল। এই সামগ্রিক প্রেক্ষাপটেই রাজনীতির কারবারিদের ধারণা নভেম্বর কিংবা ডিসেম্বরে কলকাতা, হাওড়া বা পার্শ্ববর্তী পুরসভা এলাকাগুলিতে নির্বাচন হতে পারে। রাজ্যের ১২৭টি পুরসভ তেও পর্যায়ক্রমে নির্বাচন হবে, এমন একটি চর্চা রাজনৈতিক মহলে চলছে। এই আবহে সংগঠনকে শক্তিশালী করে পুরসভা নির্বাচনের মধ্যে দিয়ে শহরাঞ্চলে নিজেদেরকে মেলে ধরার প্রয়াস নিয়েছে প্রদেশ কংগ্রেস। আগামী মাসেই একটি রাজ্য সম্মেলন করার পরিকল্পনা নিয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। 

    মূলত বিগত কয়েক মাসের কর্মকাণ্ডে এটা দেখা গিয়েছে, কংগ্রেস বাংলায় একক ক্ষমতায় মানুষের আরো কাছে পৌঁছতে চাইছে। নিজের পায়ে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করা, এটাই প্রদেশ কংগ্রেসের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়াই করেছে এবং দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন। তারপর একুশে জুলাই শহিদ মিনারে যে সমাবেশ হয়েছিল তাতে জনসমাগম দেখে রাজনীতিবিদরা বিধান ভবনের গায়ে তকমা দিয়েছেন নবজোয়ার। সেই সূত্রে এটাও দেখা গিয়েছে, আগস্ট মাসের ৫ তারিখে কংগ্রেস যে লালবাজার অভিযান করেছিল, তাতেও কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক এই সূত্রেই কংগ্রেস আরো এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়েছে। আর সেটা হতে চলেছে আগামী পুরসভা নির্বাচনে। কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতা কে সি বেনুগোপাল। প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে তিনি বৈঠক করেন এবং সংগঠনের অবস্থা এবং আগামী দিক নির্দেশিকা দেন। সেই সময়ই কলকাতায় বসে বেনুগোপাল জানিয়ে গিয়েছিলেন, পুরসভা নির্বাচনে কংগ্রেস একক লড়াই করবে কিনা সেটা প্রদেশ কংগ্রেসের নেতারাই ঠিক করবেন। দিল্লি থেকে কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে না।

    প্রদেশ কংগ্রেসের নেতারা বরাবর চান একক লড়াই এবং নিজেদের ক্ষমতাতেই নির্বাচনের লড়াই করে সাফল্য অর্জন করা। পুরসভা নির্বাচনেও কংগ্রেস একলা লড়াই করবে, এমন একটা চর্চা দলের অন্দরমহলে চলছে। এই প্রেক্ষাপটেই প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতা, জেলা সভাপতি এবং গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে একটি রাজ্য সম্মেলন হতে চলেছে পুজোর আগে। সেপ্টেম্বর মাসেই এই রাজ্য সম্মেলন করে ফেলতে চায় বিধান ভবন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মী সভা আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরসভা ও কর্পোরেশন এলাকার দলীয় কর্মীদের নিয়ে এই সম্মেলন হবে। এই সম্মেলনে পুরসভার বিভিন্ন জায়গায় কংগ্রেসের সংগঠন নিয়ে আলোচনা হবে এবং আগামী দিন আমরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে কি কি করব, তা নিয়েও রূপরেখা নির্ধারিত হবে।

    বিধান ভবনের নেতারা চাইছেন, পুরসভা নির্বাচনে যত বেশি সম্ভব ওয়ার্ডে প্রার্থী দিতে। এতে কংগ্রেসের কথা যেমন প্রার্থীরা পুরসভা এলাকায় প্রতিটি জায়গায় পৌঁছে দিতে পারবেন। তেমনি সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা যাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশ ও প্রদেশ কংগ্রেস সভাপতির পরামর্শে কংগ্রেস কর্মীরা এখন কলকাতা থেকে জেলায় জেলায় উজ্জীবিত। নতুন উদ্যমে সংগঠন শক্তিশালী হচ্ছে। সংগঠন সৃজন কর্মসূচির মাধ্যমেও আমরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছি। স্বাভাবিকভাবেই পুরসভা নির্বাচনের আগে আমাদের লক্ষ্য সহরাঞ্চলে আরো বেশি করে মনোনিবেশ করা। তাই কলকাতায় রাজ্য সম্মেলন একটি বড় মাত্রায় কর্মসূচি হতে চলেছে।
  • Link to this news (বর্তমান)