৯ পুরসভাকে নিয়ে তৈরি হচ্ছে গ্রেটার বারাকপুর কর্পোরেশন
বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভায় ৪মে র আগে তৃণমূলের বোর্ড ছিল। রাজ্যে পালা বদলের পরে পুরসভার কাউন্সিলর থেকে চেয়ারম্যান পৌরসভায় যাওয়া বন্ধ করে দেন। গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ধীরে ধীরে তৃণমূলের বোর্ড ভেঙে যায়। কাউন্সিলর থেকে চেয়ারম্যানরা পদত্যাগ করেন। প্রতিটি পুরসভায় প্রশাসক বসেছে। বারাকপুরের মহাকুমা শাসক থেকে শুরু করে ডাবলুবিসিএস অফিসাররা প্রশাসক হিসেবে পুরসভা পরিচালনা করছেন। নিয়ম অনুযায়ী, বোর্ড ভাঙ্গার ছ মাসের মধ্যেই পুরসভায় নির্বাচন করতে হয়। কিন্তু নবান্নের শীর্ষ কর্তাদের নির্দেশে নটি পুরসভাকে একসঙ্গে করে "গ্রেটার বারাকপুর পুর নিগম" তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছে। মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল প্রতিটি পুরসভার কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছিলেন। সেই রিপোর্ট প্রশাসনিক ভবনে জমা পড়েছে। তারপর সুসংহত রিপোর্ট তৈরি করে গ্রেটার বারাকপুর পুর নিগম তৈরীর একটি প্রস্তাব মহকুমা শাসক তৈরি করে পাঠিয়ে দিয়েছেন।
যে প্রস্তাবের মধ্যে খড়দহ, টিটাগর, বারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভা রয়েছে। এই নটি পুরসভার ওয়ার্ডের সংখ্যা ২২১টি। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ। এই নটি পুরসভাকে সংযুক্তিকরণ করে একটি কর্পোরেশন বা পুর নিগম তৈরি করা হবে। তারপরে হবে পুরভোট। এর জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হবে। যেমন কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ডিসেম্বর মাসের মধ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তেমনি গ্রেটার বারাকপুর পুর নিগম তৈরির প্রস্তাব কাগজে-কলমে অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর ঝুলে রয়েছে। মূল পুর নিগমের অফিসটি হবে বারাকপুরে। তিন থেকে চারটি ওয়ার্ডকে একসঙ্গে করে একটি ওয়ার্ড তৈরি হবে। টাকা বরাদ্দের পরিমাণও বেড়ে যাবে। উন্নয়নমূলক কাজের বহর আরো বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
শুধু গ্রেটার বারাকপুর নয়, পানিহাটি থেকে দক্ষিণ দমদম পর্যন্ত সাতটি পুরসভাকে নিয়ে দমদম কর্পোরেশন তৈরির প্রস্তাব একই রকম ভাবে জমা পড়েছে। এখন নবান্নের শীর্ষ কর্তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এ ব্যাপারে মহকুমা শাসক জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী গ্রেটার ব্যারাকপুর এবং দমদম কর্পোরেশন তৈরির প্রস্তাব যথাযোগ্য জায়গায় পাঠানো হয়েছে। সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি বারাকপুরবাসী। তারা জানিয়েছেন, কর্পোরেশন তৈরি হলে আরো সুযোগ সুবিধা বাড়বে। টাকা পয়সা বরাদ্দ হবে বেশি। উন্নয়নের কাজ হবে বারাকপুর জুড়ে। তবে ওয়ার্ড পুনর্বিন্যাস এর কাজ শেষ করে পুর ভোট ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে কিনা সে নিয়ে প্রশাসনিক কর্তারা চূড়ান্ত করে বলতে পারেননি। এখন দেখা যাক নবান্ন এ ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে।