• রাখির বাজারে জেন জি বনাম বিজেপি! পদ্মে আসক্ত কার্যকর্তারা, স্পাইডারম্যান-ব্যাটম্যানে মজেছে তরুণ প্রজন্ম
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
  • সোহম কর, কলকাতা: রাখির বাজারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোর টক্কর দিচ্ছে জেন জি-রা। কীভাবে? রাখির বাজার ক্যানিং স্ট্রিটে দেখা গেল চলতি বছরের নতুন ডিজাইন বিজেপির পদ্মফুল ছাপ দিয়ে বিশালাকার রাখি। শুধু পদ্মছাপের নয় তার সঙ্গে নরেন্দ্র মোদির ছবি দেওয়াও রাখি রয়েছে। আবার রামচন্দ্র, হনুমানের ছবি দেওয়া রাখিও রাখা হ.য়েছ। কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে জেন জি-র প্রিয় মেটাভার্সের রাখি। অর্থাত্, ব্যাটম্যান, হাল্ক, স্পাইডার ম্যান, পোকেমনের ছবি দেওয়া রাখি।

    একটা সময় ছিল, যখন অ্যানিমেশন চরিত্রের প্রতি শিশুমনের টান ছিল প্রবল। সেই সময় যদিও নরেন্দ্র মোদি রাখি ছিল না। কিন্তু এখন সময় বদলেছে। তরুণ প্রজন্মের মনেও গভীর জায়গা করে নিয়েছে স্পাইডার ম্যান, ব্যাট ম্যান সহ আরও অনেক কিছু। তার টাটকা প্রমাণ দেখা যায় সদ্য সমাপ্ত হওয়া নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আন্দোলনে। জেন জি-আন্দোলনে দেখা গিয়েছে, হাল্ক, ব্যাটম্যান, স্পাইডার ম্যান কিংবা ক্যাপ্টেন আমেরিকা সেজে আন্দোলনকারীরা উপস্থিত হয়েছিলেন। ওই চরিত্রগুলোকেই আন্দোলনের হাতিয়ার করেছিলেন তরুণ প্রজন্ম। সেই লড়াই কি এবার রাখির বাজারেও? এমন প্রশ্ন উঠছে কারণ, ব্যবসায়ীরা বলছেন, বাচ্চা ছেলে-মেয়েরা, তরুণরা রাখি কিনতে এসে সহজেই হাতে তুলে নিচ্ছেন ব্যাটম্যান কিংবা স্পাইডার ম্যান। তাহলে বিজেপির রাখি কারা কিনছেন? বিক্রেতার কথায়, বিভিন্ন এলাকা থেকে সব বিজেপির নেতারা আসছেন। তাঁরাই এসে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা দিবসের দিন সব এই রাখি পরাবেন বলছেন। তারপর রাখির দিন বিভিন্ন এলাকায় পাড়ার লোকজনকে এই রাখি পরাবে। ওই বিক্রেতার সংযোজন, আমাদের বিক্রি হলেও হল। বিজেপির পদ্মছাপ দেওয়া রাখি ১২টার দাম ১২০ টাকা। আর নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাখির দাম খানিক কম। কারণ মাপে ছোট। অন্যদিকে, ব্যাটম্যান-স্পাইডারম্যান রাখির দামও সেই ১০ থেকে ১২ টাকার আশপাশেই।

    বড়বাজারে রাখি কিনতে আসা হুগলির এক দোকানি সোমনাথ সাহা বলছিলেন, ‘আমি তো স্পাইডার ম্যান, ব্যাট ম্যানের রাখির অর্ডার নিয়ে এসেছি। পাড়ার বাচ্চা থেকে শুরু করে তরুণরা সকলেই এখন এই ধরনের রাখি চাইছে। তাই চাহিদা মেটাতেই হবে।’
  • Link to this news (বর্তমান)