জালে ওঠে না রূপনারায়ণের ইলিশ, বাজার ছেয়েছে ‘নকলে’
বর্তমান | ১৭ আগস্ট ২০২৬
সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: একসময় বর্ষা এলেই রূপনারায়ণে জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। স্বাদে পদ্মার ইলিশের সঙ্গে পাল্লা দিত এই রুপালি ফসল। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন কোলাঘাটে। মাঝিদের নৌকা থেকে সদ্য ধরা ইলিশ কিনে বাড়ি ফেরাই ছিল অনেকের বর্ষার অন্যতম আকর্ষণ। সেই ছবি এখন অনেকটাই অতীত। নদীতে ইলিশের দেখা মেলা কার্যত ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বাকসিঘাট সংলগ্ন মৎস্যজীবীদের দাবি, সারাদিন জাল ফেলেও কখনও এক-দু’টি ইলিশ মিলছে। ফলে অনেকে মাছ ধরা ছেড়ে দিচ্ছেন। কেউ কেউ আবার ইলিশের সন্ধানে রূপনারায়ণ পেরিয়ে সাগরমুখী হচ্ছেন। অথচ কোলাঘাটের বাজারে দিব্যি মিলছে ‘রূপনারায়ণের ইলিশ’। অভিযোগ, বাইরে থেকে কম দামে ইলিশ এনে অসাধু ব্যবসায়ীরা তা কোলাঘাটের মাছ বলে চড়া দামে বিক্রি করছেন। ফলে দাম দিয়ে আসল স্বাদের বদলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
পরিবেশকর্মী চিত্রক প্রামাণিকের অভিযোগ, নদীর দূষণ ও নাব্যতা কমে যাওয়ায় রূপনারায়ণের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পাঞ্চল থেকে পরিশোধন না করা বর্জ্যজল নদীতে মেশার পাশাপাশি কোথাও কোথাও বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগও রয়েছে। বছর দেড়েক আগেও দূষণের জেরে নদীতে মাছ মরে ভেসে উঠতে দেখা গিয়েছে বলে তাঁর দাবি। এরই জেরে হারিয়ে যেতে বসেছে রূপনারায়ণের ঐতিহ্যবাহী ইলিশ। সাহিত্য থেকে সিনেমা- রূপনারায়ণের ইলিশের খ্যাতি একসময় ছিল সর্বত্র। সেই ঐতিহ্য ফিরবে কবে, এখন সেটাই প্রশ্ন।