রুখাশুখা পুরুলিয়ায় শিল্পায়নের খরা কাটাতে সোমবার রঘুনাথপুরের দুরমুটে ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত মেটালিকস লিমিটেডের ৪০০০ কোটি টাকার ওই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থাৎ ভূমি পূজন অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী ছাড়াও ৭ মন্ত্রী। অন্যদিকে, সোমবারই খরা কবলিত পুরুলিয়ার মানবাজারে পানীয় জলের সমাধানে দীর্ঘদিনের প্রতীক্ষিত ধানাড়া গ্রাম পঞ্চায়েতের জামদা গ্রামে ১২৯৬.২৫ কোটি টাকার জাইকা জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এছাড়া মানবাজার ১ ব্লকের মাধবপুর ফুটবল মাঠে প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক সামাজিক প্রকল্পের কাজের উদ্বোধন করবেন শুভেন্দু। ওই মঞ্চেও উপস্থিত থাকবেন মোট ৩ মন্ত্রী, মুখ্যসচিব-সহ রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকরা। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি ও কেন্দ্র-রাজ্যের অর্থে জাইকা প্রকল্প নির্মাণ হওয়ায় জাপানের ওই সংস্থার তিন প্রতিনিধিও থাকবেন ওই মঞ্চে।
দুরমুট গ্রামের শিল্পায়নের ভূমি পূজনে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শিল্পমন্ত্রী তাপস রায়, নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় পোদ্দার, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, শিল্পের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও রাজ্যের পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি থাকবেন। মানবাজারের প্রশাসনিক জনসভায় পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় পোদ্দার ছাড়া ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং বিদ্যুৎ বিভাগের রাষ্ট্রমন্ত্রী গার্গী দাস ঘোষ হাজির থাকবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অমিত মেটালিকসের ইন্টিগ্রেড গ্রিনফিল্ড প্রকল্পের মধ্যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও ফেরো এলয় এবং স্পঞ্জ আয়রন রয়েছে। ১৪৮ একর জমির উপর ওই প্রকল্প গড়ে উঠবে। এই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ১৬০০ জনের। তবে এই শিল্পসংস্থার আয়োজনে একাধিক ত্রুটি থাকায় ভীষণই ক্ষুব্ধ পুরুলিয়া জেলা প্রশাসন।
শনিবারই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ওই দুরমুটের প্রকল্পস্থল ঘুরে দেখেন। এদিন ওই প্রকল্পস্থল পরিদর্শন করেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিও। মানবাজার ঘুরে জেলাশাসক সুধীর কোন্থমও এদিন সন্ধ্যায় ওই শিল্প সংস্থার প্রকল্প স্থলে গিয়ে বৈঠক করেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আকাশপথে মানবাজার স্টেডিয়ামে নামবেন বেলা সাড়ে বারোটা নাগাদ। তারপর তিনি মানবাজার থেকে ১৪ কিমি দূরে সড়কপথে জামদা গ্রামে জাইকা প্রকল্পের উদ্বোধন করে প্রশাসনিক জনসভায় যোগ দেবেন। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন রঘুনাথপুর। সেখানেও জনসভা করবেন মুখ্যমন্ত্রী। রবিবার মানবাজার ও রঘুনাথপুর দুই জায়গাতেই হেলিকপ্টারের ট্রায়াল রান হয়।