স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত
প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য সুখবর! আরও একটি নতুন এসি লোকাল পেতে চলেছে এই রুটের যাত্রীরা। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, শিয়ালদহ-বারাসত এসি লোকালের (Sealdah–Barasat AC Local) যাত্রাপথ এক্সটেশন হচ্ছে। এবার এই ট্রেনটি শিয়ালদহ থেকে যাবে বনগাঁ পর্যন্ত। এমনটাই খবর রেল সূত্রে। আগামী ২০ আগস্ট থেকে নতুন পথে যাত্রা শুরু করবে ট্রেনটি।
৩৩৪৪৯ শিয়ালদহ -বারাসত লোকালটি শিয়ালদহ থেকে ছাড়ে সকাল ১০টা ৩৩ মিনিটে। বারাসত পৌঁছয় ১১টা ১৮ মিনিটে। কিন্তু ট্রেনটি উল্লেখযোগ্য হারে যাত্রী হচ্ছে না। তাই সেটির যাত্রাপথ বাড়ানোর দাবি ওঠে। সেই মতো বিষয়টি ভাবনা চিন্তার স্তরে ছিল। জানা যাচ্ছে, সব দিক খতিয়ে দেখে ট্রেনটি বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও রেলের তরফে এখনও নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, বর্তমান সময়সূচি মেনেই ট্রেনটি ছাড়বে। অর্থাৎ সকাল ১০টা ৩৩ মিনিটেই শিয়ালদহ থেকে ছাড়বে। ১১টা ১৪ মিনিটে পৌঁছবে বারাসত। সেখান থেকেই রওনা দেবে বনগাঁ উদ্দেশ্যে। বনগাঁ থেকে এসি লোকাল ছাড়বে দুপুর ১২টা ৩৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ২টা ২৫ মিনিটে।
উল্লেখ্য, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চলে। এবার সেই তালিকায় জুড়ছে আরও একটি ট্রেন। বারাসত পর্যন্ত চলা এসি লোকাল চলবে বনগাঁ পর্যন্ত। এমনটাই খবর রেল সূত্রে।