• সুইসাইড নোটের পরীক্ষা হবে: আশিসের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী, মমতার কথা টেনে ফোন খতিয়ে দেখার আশ্বাস
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • আশিস বন্দ্যোপাধ্যায়ের লেটারহেড প্যাডে হাতে লেখা যে সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, সেটি তদন্ত করে দেখা হবে। পরীক্ষা করা হবে হাতের লেখা। প্রবীণ তৃণমূল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, তৃণমূলের দুর্নীতিবাজরা আশিসকে ভয় দেখিয়ে থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আশিসের মৃত্যুর তদন্তে তাঁর মোবাইল ফোনটিও তদন্তের আওতায় আনা হবে। খতিয়ে দেখা হবে কল রেকর্ডও।

    মুখ্যমন্ত্রী জানান, তিনি সকালেই খবর পেয়েছেন। সেই সময়ে আশিসের বাড়িতে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল (তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন)। তাঁর ফোনে ভিডিয়ো কলে আশিসের পরিবারের সঙ্গে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পাশে থাকার বার্তা দিয়েছি। পরিবার শোক সামলে নিক। আমি জানতে চেয়েছিলাম, কেউ ওদের উত্ত্যক্ত করেছে কি না। ওঁরা বললেন, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসেছিলেন। প্রণাম করেছেন ধ্রুব সাহাও সে কথা বলেছেন।’ মুখ্যমন্ত্রী জানান, আশিস শান্তিপূর্ণ ভাবেই জীবন কাটাচ্ছিলেন। তাঁকে কোনও বিষয়েই নোটিস দেওয়া হয়নি। বিধায়ক বা ডেপুটি স্পিকার ছিলেন না ঠিকই, কিন্তু স্বাভাবিক জীবনযাপনই করতেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাড়ির লোক বলছেন, ওঁদের সকলের সঙ্গেই সম্পর্ক ভালো। বিজেপির লোকজনদের সঙ্গেও। অনেকে ছাত্রও ছিলেন।’

    শুভেন্দু জানান, তিনি পরিবারের কাছে তদন্তে সহযোগিতার অনুরোধ করেছেন। কোনও দুর্নীতিবাজ হুমকি দিয়েছেন কি না, তা জানতে আশিসের মোবাইলও পুলিশকে দেওয়ার অনুরোধ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘হতেই পারে, কেউ হয়তো নাম বলে দেওয়ার ভয় দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যে অংশটা রয়েছে, তার সঙ্গে ওঁর দূরত্ব তৈরি হয়েছিল। ভোটে হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি করেছিলেন, তা থেকে উনি (আশিস) পদত্যাগ করেছিলেন। উনি মমতাপন্থী তৃণমূল থেকে দূরত্ব বজায় রাখার কথাও জানিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে।’

    শুভেন্দুর মূল্যায়ন, আশিস শিক্ষাবিদ ছিলেন। তিনি সজ্জন, সৎ মানুষ। তাঁকে জেলে ভরার কথা কেউ বলবেন না। তবে আশিসের অনুগামীদের নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলেই মনে করেন শুভেন্দু। বগটুই কাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব কিছু তো ওঁর নিয়ন্ত্রণে ছিল না। তৃণমূল সম্পর্কে সকলেই জানে, একটাই পোস্ট। বাকি সব ল্যাম্পপোস্ট। ফলে রামপুরহাটে উনি যাঁদের নিয়ে রাজনীতি করতেন, তাঁদের সার্টিফিকেট আমি দিতে পারব না।’

    মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন আশিস। তাঁর কথায়, ‘আমিও বলেছিলাম, সচিবালয়ে আপনি আসতে পারেন। প্রাক্তন বিধায়ক, বিধানসভায় তো আসতেই পারেন।’

  • Link to this news (এই সময়)