• স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝেই কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝেই রক্তারক্তি কাণ্ড হুগলির ব্যান্ডেলে। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাস পাড়ায়। শনিবার রাতে এলাকার একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই ক্লাবের সামনের মাঠে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। হঠাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় বচসা চরম আকার নেয়। এক পক্ষ অন্য পক্ষের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই যুবক। তাঁরা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, জখম দুই যুবকের নাম রাহুল দাস এবং অভিজিৎ মিত্র। অভিযুক্ত উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুলের পুরোনো শত্রুতা ছিল বলে দাবি পুলিশের। রাহুলের পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।

    জানা গিয়েছে, শুভ ধারালো অস্ত্র দিয়ে রাহুলের গলায় কোপ মারে বলে অভিযোগ। রাহুলকে বাঁচাতে গিয়েই জখম হন অভিজিৎ। চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় রাহুল এবং অভিজিৎকে উদ্ধার করেন। পরে খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পুলিশ এসে সকলকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়।

    হাসপাতাল সূত্রে খবর, রাহুলের গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে। সেখানে ১৮টি সেলাই পড়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে অভিজিতের অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। হামলার আসল কারণ এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।

    ১. কোথায় হামলার ঘটনাটি ঘটেছে?

    উত্তর: হুগলি-চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাস পাড়ায় ঘটনাটি ঘটেছে।

    ২. কবে এই ঘটনা ঘটে?

    উত্তর: শনিবার রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় হামলার ঘটনা ঘটে।

    ৩. হামলায় কারা জখম হয়েছেন?

    উত্তর: রাহুল দাস এবং অভিজিৎ মিত্র নামে দুই যুবক গুরুতর জখম হয়েছেন।

    ৪. কী ভাবে হামলার ঘটনা ঘটল?

    উত্তর: কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে বচসা চরমে উঠলে অভিযোগ, এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

  • Link to this news (এই সময়)