• জাতীয় পতাকার আদলে রঙ্গোলির উপরে দাঁড়িয়ে পতাকা উত্তোলন, বিতর্কে গড়বেতার বিধায়ক
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে বিতর্কে জড়ালেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। শনিবার একটি অনুষ্ঠানে জাতীয় পতাকার রঙের আদলে তৈরি রঙ্গোলির উপরে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করতে দেখা যায় বিধায়ককে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও, স্বপক্ষে যুক্তি দিয়েছেন বিজেপি বিধায়ক।

    স্বাধীনতা দিবসের দিন গড়বেতার আমলাগোড়ায় একটি সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা। সেই অনুষ্ঠানের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে। যেখানে দেখা গিয়েছে, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা পতাকা উত্তোলন করছেন। তাঁকে সাহায্য করার জন্য পাশে দু’জন দাঁড়িয়ে রয়েছেন। তিন জনেই দাঁড়িয়ে রয়েছেন আবির দিয়ে আঁকা একটি রঙ্গোলির উপরে।

    উল্লেখ্য, সেই রঙ্গোলি গেরুয়া, সাদা ও সবুজ– এই তিন রং দিয়ে জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। রঙ্গোলির মাঝখানে অশোক চক্রের আদলেও একটি চক্রও আঁকা হয়েছে। পতাকা উত্তোলনের সময়ে আশেপাশে বহু লোকজন দাঁড়িয়ে ছিলেন।

    তবে বিষয়টি নিয়ে বিধায়ক বলেন, ‘ওটা জাতীয় পতাকা নয়,আবির দিয়ে তৈরি করা একটা রঙ্গলি। জায়গাটা এমন পতাকা উত্তোলন করতে গেলে সেই রঙ্গোলির উপরে উঠতেই হতো। দূর থেকে দাঁড়িয়ে তো পতাকা উত্তোলন করা যাবে না।’ পাল্টা গড়বেতার ব্লক কংগ্রেসের সভাপতি ভৈরব রায় বলেন, ‘রঙ্গোলি হলেও যে হেতু জাতীয় পতাকার রঙের আদলে তৈরি, তাই সেটার উপর দাঁড়িয়ে থাকা দেখতে দৃষ্টিকটু লাগছে। বিজেপি দেশপ্রেমের কথা বলে। প্রদীপবাবুর মতো ব্যক্তির এরকম করাটা ঠিক হয়নি।’

  • Link to this news (এই সময়)