• স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!
    প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৬
  • স্বাধীনতা দিবসের সকালে গ্রেপ্তার হাওড়ার তৃণমূল নেতা, পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তীব্র জনরোষ দেখা গেল! তাঁর উপর চলল ‘ডিমথেরাপি’। পরপর ডিম উড়ে আসতে থাকে তাঁর দিকে। শ্যামলকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টাও চলে বলে অভিযোগ। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে গণ্ডগোল পাকানোর অভিযোগ ওঠে। শিবপুর থানায় মামলা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হল।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামল মিত্র হাওড়া পুরসভা এলাকায় তৃণমূল আমলে প্রভাবশালী নেতা ছিলেন। পুরসভার প্রাক্তন মেয়র পরিষদও ছিলেন তিনি। আজ, শনিবার সকালে নিউটাউনে থ্রি এলাকার ৬৫৬ নম্বর প্লটে একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেসময় হাওড়া সিটি পুলিশের তদন্তকারী আধিকারিকরা সেখানে পৌঁছন। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে গণ্ডগোল ছড়ানোর অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর সেই মামলার তদন্ত শুরু করে পুলিশ। সেই কারণেই তাঁকে এদিন গ্রেপ্তার করা হয়।

    ধৃতকে এদিন গ্রেপ্তার করে প্রথমে শিবপুর থানায় নিয়ে আসা হয়। এরপর আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বার করা হয়। এদিকে শ্যামল মিত্র গ্রেপ্তারির কথা ছড়াতেই থানার সামনে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষজন। এদিন বেলায় প্রবল নিরাপত্তার মধ্যে তাঁকে বার করা হয়েছিল। কিন্তু উত্তেজনা এড়ানো সম্ভব হয়নি! ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে একের পর এক ডিম। শুধু তাই নয়, তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টাও চলে বলে অভিযোগ। কোনওক্রমে পুলিশ তাঁকে প্রিজন ভ্যানে তোলে। সেই প্রিজন ভ্যানেও চড়চাপড় মারেন উত্তেজিত জনতা! বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

    এই বিক্ষোভ বিজেপি করেছে বলে অভিযোগ। যদিও ওই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতা। তাঁর মতে, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
  • Link to this news (প্রতিদিন)