• রান্নার গ্যাসের e-KYC করার মেয়াদ বাড়ল, গ্রাহকদের হাতে আর কত দিন সময় আছে?
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • রান্নার গ্যাসের গ্রাহকদের স্বস্তি দিয়ে ই-কেওয়াইসির মেয়াদ ২৩ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। ১৬ অগস্ট e-KYC জমা দেওয়ার শেষ দিন ছিল। বিপুল পরিমাণ গ্রাহক ই-কেওয়াইসি করতে না পারায় সময়সীমা সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। গ্রাহকদের সুবিধার্থে আজ, ১৫ অগস্ট এবং রবিবার রাজ্যের অনেক ডিস্ট্রিবিউটর ডিলার তাদের বিপণি খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

    অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেন, ‘অনেক গ্রাহকেরই এখনও ই-কেওয়াইসি করানো বাকি রয়েছে। ইন্ডেন গ্যাসেরই অন্তত ২০ লক্ষ গ্রাহক এখনও তা করাননি। বাকি সংস্থাগুলোর হিসেব এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সংখ্যাটা কাছাকাছিই হবে। এই কারণে আজও স্বাধীনতা দিবসেও ই-কেওয়াইসির কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সার্ভারের সমস্যা দেখা দিয়েছে। এতে গ্রাহকের তো বটেই, আমাদেরও সমস্যা হচ্ছে।’

    তবে ই-কেওয়াইসি বাড়িতে বসেও করতে পারবেন গ্রাহকেরা। নিজের সুবিধা মতো ইন্ডিয়ান ওয়েলের ‘IndianOil ONE’, ভারত পেট্রোলিয়ামের ‘Hello BPCL’ বা এইচপি-র ‘HP Pay’ অ্যাপ ডাউনলোড করে Face Authentication (মুখমণ্ডল চেনার প্রযুক্তি) ব্যবহার করে তাঁরা কাজটি সেরে নিতে পারেন। আবার সরাসরি স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আঙুলের ছাপ (Fingerprint), ফেস রিকগনিশন (Facial Recognition) কিংবা রেটিনা স্ক্যান (Retina Scan)-এর মাধ্যমেও ই-কেওয়াইসি করা যাবে।

    সময়সীমার মধ্যে e-KYC না করালে কী হতে পারে?

    তেল সংস্থা এবং ডিস্ট্রিবিউটারদের বক্তব্য, কোনও গ্রাহক রান্নার গ্যাস সংযোগে আধার না জুড়লে ভর্তুকিও পাবেন না। কলকাতায় যা এখন সিলিন্ডার পিছু ১৯.৫৭ টাকা। পাশাপাশি বিজন বলেন, ‘সিলিন্ডারও বেশি দামে কিনতে হবে। কলকাতার সাধারণ গ্রাহক ই-কেওয়াইসি না করালে আর এখনকার মতো ৯৬৮ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন না।’ প্রসঙ্গত, গত মার্চে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে ই-কেওয়াইসি ছাড়া রান্নার গ্যাস দেওয়া বন্ধ করা হয়। এ বার জোগান বন্ধের কথা না বলা হলেও, দামের বোঝা চাপিয়ে সকলকে আধার জুড়তে বলা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এর পরে ই-কেওয়াইসি না থাকার যুক্তিতে সরবরাহ ফের বন্ধ করা হতে পারে। ইন্ডেন ডিলার সংগঠনের দাবি, তিন-চার বছর ধরেই তেল সংস্থাগুলি ই-কেওয়াইসিতে জোর দিচ্ছে। তবে বহু বার তা করার সময় বাড়ালেও, এত কড়া নির্দেশিকা অতীতে জারি হয়নি।

  • Link to this news (এই সময়)