রেড রোডে চলেছে রাজ্য পুলিশ-সহ বিভিন্ন দপ্তরের ট্যাবলো। রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে সাজানো ট্যাবলোও। এ দিন নেতাজির মূর্তিতে মালা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। তার পরে শুরু হয় কুচকাওয়াজ। এখন রেড রোডে চলছে একের পর এক ট্যাবলো।
রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলছে কুচকাওয়াজ।
রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হলো। শুরু হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও।
রেড রোড ধরে হেঁটে অভিবাদন মঞ্চে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কিছুক্ষণের মধ্যেই শুধু হবে অনুষ্ঠান।
প্রতি বছর ১ কোটি যুবক-যুবতীকে AI প্রশিক্ষণ দিতে বিশেষ প্রকল্প চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুবশক্তিকে প্রযুক্তিগত ভাবে দক্ষ করে তুলতেই এই পরিকল্পনা বলে জানান তিনি।
ব্যবসা ও কর্পোরেট জগতের জন্য বড় লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিশ্বের সেরা ৫০০ সংস্থার তালিকা ‘ফরচুন ৫০০’-এ ভারতের আরও বেশি সংস্থাকে জায়গা করে নিতে হবে। মোদী বলেন, ‘আমরা সবসময় বিশ্বের সেরা ফরচুন ৫০০ সংস্থার কথা বলি। কিন্তু আমরা কেন এমন লক্ষ্য নেব না, যাতে ওই তালিকায় অন্তত ৫০টি ভারতীয় সংস্থা জায়গা করে নিতে পারে?’
স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুবসমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ-তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
লালকেল্লা থেকে দেশের উন্নয়নের জন্য সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সাতটি ক্ষেত্রকে ‘শক্তির সপ্তধা’ আখ্যা দিয়েছেন। সেগুলি হলো— উৎপাদন শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার।
ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তবে দেশের যুবসমাজের উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘দেশের যুবসমাজ, মা-বোনেরা, কৃষক এবং শ্রমিকদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তাঁদের সম্মিলিত শক্তিতেই আমরা ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব।’
যুদ্ধের আবহে দেশবাসীকে ভয় দেখিয়ে কিছু লোকের আনন্দ হচ্ছিল বলে নাম না করে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘অনেকে বলছিলেন, যুদ্ধ হচ্ছে তাই গ্যাস পাবে না। পেট্রল পাম্পে তেল পাবে না। কিন্তু ভারত প্রস্তুত ছিল।’ তাঁর সাফ কথা, ‘করোনা থেকে জ্বালানি নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা।’
২০৪৭-এর মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশ। শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে।’
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থ নিজেদের রক্ষা করতে হয়। অন্যের উপরে ভরসা করে দেশ গড়া যায় না।’ পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে মোদীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
লালকেল্লা থেকে দেশবাসীকে বড় স্বপ্ন দেখতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘২০৪৭-এ স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে বিকশিত ভারত হবেই।’ একই সঙ্গে তিনি বলে দিলেন, ‘এখন আর ছোট স্বপ্ন দেখার সময় নয়। বড় স্বপ্ন দেখুন। বড় প্রতিজ্ঞা করুন।’
৮০ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতির উদ্দেশে ভাষণ দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যের শুরুতেই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানালেন তিনি।
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাতটা পনেরো নাগাদ লালকেল্লায় পৌঁছন তিনি। সেনার তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। তার পরে বন্দে মাতরমে মুখরিত হয়ে ওঠে গোটা লালকেল্লা।
স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ভিজতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। উত্তরের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।