• টুলু–মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের আইনজীবীর
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • এই সময়, কলকাতা ও সিউড়ি: কলকাতার আইনজীবীদের দিয়ে সুবিধে করতে না–পারায় এ বার সুপ্রিম কোর্টের আইনজীবীকে দিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করিয়ে শুনানির আশ্বাস পেলেন বীরভূমের টুলু মণ্ডল। শুক্রবার মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উল্লেখ করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। তিনি জানান, নিজে সশরীরে হাজির হয়ে মামলাটির শুনানি করতে চান। তাই বৃহস্পতিবার নির্দিষ্ট করে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন জানান তিনি। বেআইনি পাথর খাদানের কারবারি টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলি খারিজের আর্জি মামলা বৃহস্পতিবার ছেড়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরেই এ দিন বিচারপতি সৌগত ভ্ট্টাচার্যের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের এই বষীয়ান আইনজীবী।

    অন্য দিকে, টুলু–মামলায় পুলিশ হেফাজতে থাকা নইমুদ্দিন মণ্ডলকে ২১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নিদের্শ দিল সিউড়ি এসিজেএম আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীন নইমুদ্দিন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। তাই এ দিন নইমুদ্দিনকে আদালতে আনা হয়নি। ভিডিয়ো কনফারেন্সে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে তা বিচারক খারিজ করে দেন।

    এ দিন টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিকের হ্যান্ড রাইটিংয়ের নমুনা নেওয়া হয়। টুলুর কর্মচারী শান্তিনিকেতনের সোনাঝুড়ি থেকে গ্রেপ্তার হওয়া আনসারুলের হ্যান্ড রাইটিংয়ের নমুনা নেওয়ার আবেদনও জানান সরকারি আইনজীবী। তা মঞ্জুর করে আদালত।

  • Link to this news (এই সময়)