• অ্যাসিড-আক্রান্তদের ভাড়ায় ছাড় দিতে রাজি রেল, নীতির খসড়া চাইল সুপ্রিম কোর্ট
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • এই সময়: অ্যাসিড-আক্রান্তরা চিকিৎসার জন্য রেলে যাতায়াতে ভাড়ায় ছাড় পাবেন। প্রাথমিক ভাবে এই প্রস্তাবে রাজি রেল বোর্ড। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে প্রস্তাবিত নীতির খসড়া আদালতে পেশ করার জন্য কেন্দ্রকে ছ’সপ্তাহ সময় দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা।

    এ দিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অর্চনা পাঠক ডেভ আদালতকে জানান, অ্যাসিড-আক্রান্তদের ‘রোগী’ শ্রেণিতে রেখে চিকিৎসার প্রয়োজনে রেলভাড়ায় ছাড় দেওয়ার বিষয়ে চেয়ারম্যান সম্মত হয়েছেন। তবে কী ভাবে এই সুবিধা দেওয়া হবে এবং কত দিন তা কার্যকর থাকবে, তা নির্ধারণে আরও কিছুটা সময় প্রয়োজন।

    কেন্দ্রের বক্তব্য, অ্যাসিড-আক্রান্তরা ‘প্রতিবন্ধী শ্রেণি’–র অন্তর্ভুক্ত হলেও তাঁদের জন্য ছাড়টি প্রতিবন্ধী শ্রেণিতে না দিয়ে ‘রোগী’ শ্রেণিতে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ, বর্তমানে সব ধরনের প্রতিবন্ধী যাত্রীকে রেলভাড়ায় ছাড় দেওয়া হয় না। ফলে ওই শ্রেণিতে সুবিধা দিলে অন্যরাও একই দাবি তুলতে পারেন।

    তবে, আবেদনকারীর আইনজীবী আনন্দ ভেঙ্কটরামানি জানান, রোগী শ্রেণির ছাড় বর্তমানে নির্দিষ্ট দু’টি স্টেশনের মধ্যে যাতায়াতের সঙ্গে যুক্ত। অ্যাসিড-আক্রান্তদের ক্ষেত্রে এটা সমস্যার কারণ হতে পারে। একাধিক অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য তাঁদের বিভিন্ন শহরে যেতে হয়। এমনকী, চিকিৎসার পাশাপাশি মামলার শুনানিতেও তাঁদের অন্যত্র যেতে হয়। চিকিৎসার জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে প্রথম তিন মাসে অ্যাসিড-আক্রান্তদের জন্য জরুরি কোটার দাবিও জানানো হয়েছে।

    অ্যাসিড-আক্রান্তদের চিকিৎসার জন্য রেলে ভাড়া ছাড় এবং জরুরি কোটা চালুর দাবিতে জনস্বার্থ মামলা করেছিল ‘অতিজীবন সোসাইটি’ নামের একটি জনকল্যাণকর সংস্থা। আগের শুনানিতে আবেদনকারীর তরফে জানানো হয়েছিল, প্রতিবন্ধী যাত্রীদের ন’টি শ্রেণির জন্য রেলে সংরক্ষণের সুবিধা রয়েছে। যদিও কেন্দ্রের দাবি, এমন চারটি শ্রেণির যাত্রীকে রেলভাড়ায় ছাড় দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)