কলকাতার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙার অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় টালিগঞ্জ যাওয়ার পথে তিন মাথার মোড়ের কাছে নেতাজির একটি মূর্তি ছিল। বৃহস্পতিবার সকালে নজরে আসে সেই মূর্তির ডান হাত ভাঙা। তার পর থেকে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এলাকায় আসেন ওই স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করেছে।
সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক অপমানজনক মন্তব্যের ঘটনা ঘটেছে। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ এবং তাঁর অনুগামীরা বার বার নেতাজির নামে অপমানজনক মন্তব্য করেছেন। তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বৃহস্পতিবারই অনন্ত মহারাজের থেকে ‘বঙ্গ বিভূষণ’ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য।
বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অপমানজনক মন্তব্য সহ্য করা হবে না। প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলেও বার্তা দেওয়া হয়েছিল। তারকের দাবি, ওই বার্তার পরে এই ভাঙচুরের ঘটনা তাৎপর্যপূর্ণ। গোটা ঘটনায় দ্রুত তদন্তের দাবি করেছেন তিনি।