• বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
    প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৬
  • বদলের বাংলায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আগামী রবিবার কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। আগামী ১৬ ও ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতের একটি মেগা কর্মসূচি হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জে পি নাড্ডা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও।

    আগামী ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান করছে রাজ্য সরকার। সেখানে রাজ্যের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় আসছেন তিনি।

    আগামী ২২-৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট। কলকাতায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। সেখানে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এই প্রশিক্ষণ শিবিরে জে পি নাড্ডারও থাকার কথা রয়েছে। এছাড়া এই সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আর কোনও দলীয় কর্মসূচি নেই বলে বিজেপি সূত্রের খবর।

    সূত্রের খবর, আগামী ২০ আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। ২১ ও ২২ তারিখ তাঁর দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৯ আগস্ট। এই বিষয়টি মাথায় রেখেই মূলত অমিত শাহের এই সফর। তার আগে রাজ্যে আসছেন জে পি নাড্ডা।
  • Link to this news (প্রতিদিন)