• ১৪ অগস্ট রাতে মিছিলের ডাক অগ্নিমিত্রার, রাতদখলের স্মৃতি উস্কে কী বললেন মন্ত্রী?
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ওঠা স্লোগানের আওয়াজে কেঁপে উঠেছিল ২০২৪ সালের ১৪ অগস্টের মধ্যরাত। রাজ্যে পালাবদলের পরে সেই স্মৃতিই উস্কে দিয়ে এ বছর ১৪ অগস্ট রাতে মিছিলের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আট থেকে আশি, সকল মহিলাকেই তিনি ওই মিছিলে যোগ দেওয়ার আহ্বানও করেন।

    অগ্নিমিত্রা জানান, ১৪ অগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে জমায়েত হবে। তার পরে সেখান থেকে মিছিল যাবে গোলপার্ক পর্যন্ত। মন্ত্রী বলেন, ‘১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। মা-বোনেরা আসুন। বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে রাত ৯টায় আমরা জড়ো হব। ব্রিজের উপর দিয়ে গোলপার্ক পর্যন্ত যাব, সেখান থেকে আবার ব্রিজের নীচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে আসব।’

    মন্ত্রীর সংযোজন, ‘বিভিন্ন সময়ে দেখে এসেছি, ধর্ষণ হয়েছে, আর সেটা নাকি মহিলাদেরই দোষ! আমাদের চরিত্রের দোষ। পোশাকের দোষ। কে কী রকম চুল কেটেছে, তার দোষ। রাত ৮-৯টার সময়ে কেন বেরিয়েছে খাবার কিনতে, এ সবও শুনতে হয়েছে। এ সব আমরা আর শুনতে পারব না। আসুন, আমরা মহিলাদের হাত ধরি। যাতে সকলেই একসঙ্গে এগিয়ে যেতে পারি। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের।’

  • Link to this news (এই সময়)