যাত্রীদের নিয়ে উড়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। রানওয়েতে যাত্রীবোঝাই বিমান পৌঁছেও গিয়েছিল। কিন্তু ওড়ার মুখে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। ফলে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি দমদম বিমান বন্দর (Dumdum Airport) থেকে উড়ে যেতে পারেনি! শুধু তাই নয়, দীর্ঘ সময় ওই বিমানের যাত্রীদের বিমান বন্দরেই অপেক্ষা করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও যাত্রীদের উদ্দেশ্যে কোনও বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় দমদম বিমান বন্দরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ যাত্রীরা।
ঘটনাটি কী? জানা গিয়েছে, আজ, বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ কলকাতার দমদম বিমান বন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানের। ১৭০ জন যাত্রী বিমানে উঠেও গিয়েছিলেন। কিন্তু উড়ে যাওয়ার আগেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি! ফলে বিমানটি উড়ে যেতে পারেনি গন্তব্যে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। বোর্ডিং পাস হাতে ধরিয়ে তাঁদের অপেক্ষা করতে বলা হয়!
যাত্রীদের অভিযোগ, বিমানের যান্ত্রিক ত্রুটির কথা আগে বলা হয়নি। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের বিমান বন্দরেই অপেক্ষা করতে হয়। কখন ওই বিমান ছাড়বে? সেই নিয়ে কোনও বার্তাই দেওয়া হয়নি এয়ার ইন্ডিয়ার তরফে। বহু যাত্রীই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা কলকাতা বিমান বন্দরেই আটকে থাকেন। এই অবস্থায় এয়ার ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, বেলা সাড়ে ১১টার সময় ওই বিমান গন্তব্যের জন্য উড়ে যাবে। কিন্তু বিমানটি উড়তে পারেনি।
কাকভোরে বিমান বন্দরে এসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় একসময় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বেলা সাড়ে ১২ টার পরও সেই বিমান ছাড়েনি বলে অভিযোগ। তারপরেও সংস্থার তরফে কোনও বার্তা যাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়নি। ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল? সেই বিষয়টিও পরিষ্কারভাবে জানানো হয়নি! শেষ মুহূর্তে কীভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে? সব পরীক্ষার পর ওড়ার জন্য ছাড়পত্র কীভাবে দেওয়া হয়েছিল? তাহলে যাত্রী নিরাপত্তা কোথায়? সেসব প্রশ্নও উঠেছে।