• চায়ের মধ্যে মাদক মিশিয়েই অচেতন করে লুটপাটের অভিযোগ, প্রবল চাঞ্চল্য সিউড়িতে
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • চায়ের মধ্যে মাদক মিশিয়ে তিন জনকে অচেতন করে টাকা পয়সা লুটের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। জানা গিয়েছে, পরিবারের এক অসুস্থ সদস্যকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যাঁরা নিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে তিন জন হাসপাতাল চত্বরে এক ব্যক্তির কাছ থেকে চা কিনে খান। এরপরেই অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। সকালে উঠে তাঁরা দেখেন, তাঁদের টাকাপয়সা চুরি হয়ে গিয়েছে।

    জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তিকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পরে রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের বিশ্রামাগারে বসেছিলেন। সেই সময়ে এক চা বিক্রেতা সেখানে চা বিক্রি করতে আসেন। সেই ব্যক্তির কাছ থেকে চা কেনেন তিন জন। তার পরেই অসুস্থ বোধ করেন তাঁরা। অচেতন হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তাঁরা। এরপরে বুধবার ভোরে পরিবারের অন্য লোকজনের ডাকাডাকিতে হুঁশ ফেরে তাঁদের। তখনই দেখা যায়, তাঁদের কাছে থাকা নগদ টাকাপয়সা নেই।

    অসুস্থ অবস্থায় তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, চায়ের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কোনও পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা রয়েছে।

    ওই তিন জনের অভিযোগ, চা বিক্রেতাই এই ঘটনার সঙ্গে জড়িত। টাকা হাতানোর জন্য চায়ের মধ্যে মাদক মেশানো হয়েছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে। হাসপাতালের মধ্যে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)