• পুরোনো রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, মুছল গেরুয়া
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • এই সময়: পুরোনো রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। গেরুয়া পাল্টে মঙ্গলবার সাদা করে দেওয়া হলো। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে গত ১২ জুলাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের রং গেরুয়া করে দেওয়ার অভিযোগ উঠেছিল। নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ও চন্দন সেনরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন।

    সই করেছিলেন অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্যরা। শেষ পর্যন্ত নাট্যব্যক্তিত্বরা নিজেরাই এ দিন সাদা রং করে পুরোনো চেহারা ফিরিয়ে দিলেন। রং বদলের কাজ চলাকালীন বিশৃঙ্খলা এড়াতে পৌঁছে যায় হেস্টিংস থানার পুলিশও।

    মূল ফটকের পাশের টিকিট কাউন্টারের গেরুয়া করে দেওয়া হয়েছিল। পাশে লাগানো হয়েছিল 'ভারতমাতা'র ব্যানার। নাট্যব্যক্তিত্ব থেকে রাজনীতিকদের একাংশ নিন্দায় সরব হয়েছিলেন। রাজ্যের শাসকদল বিজেপির কয়েক জনও সে সময়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। শেষ পর্যন্ত এ দিন শিল্পী ও নাট্যব্যক্তিরাই রং বদলের কাজে হাত লাগান।

    সংস্কৃতিপ্রেমী মানুষ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পৌঁছে সাদা রং ফেরানোর কাজে হাত লাগান। তাঁরা জানান, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস শিল্পের প্রাঙ্গণ। রাজনৈতিক রঙের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। শিল্পী রিয়া মুখোপাধ্যায় বলেন, 'রাজনীতিকরণ নিয়ে কি কোনও সন্দেহ আছে? এর আগে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে। এখানে তো রং পড়েনি! তা হলে আজ কেন?'

    নাট্যশিল্পী চন্দন সেনের কথায়, 'টেরাকোটা রং ছিল। বহুরূপীর জন্যে কাউন্টার করা হয়েছিল। সেটার সঙ্গে এমন গুন্ডামির মানে নেই। এমন অবাঞ্ছিত ঘটনায় মানুষ প্রতিক্রিয়া জানাবেই। সাদাই থাকুক।'

    যদিও শমীক আগেই জানিয়েছিলেন, যারা গেরুয়া রং করেছে, অন্যায় ও ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। শিল্পীদের রং সম্পর্কে চিন্তাভাবনা আছে। যেখানে সেখানে গেরুয়া রং করা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই।

  • Link to this news (এই সময়)