কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে বিপত্তির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতা থেকে চেন্নাই রওনা হয়েছিল IndiGo-র একটি যাত্রিবাহী বিমান। মাঝ আকাশের বিমানে বাঁ দিকের ইঞ্জিনে সমস্যা দেখা যায়। সেই সময়ে বিমানের মধ্যে মোট ২২৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চেন্নাই বিমানবন্দরের তরফে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বিমানবন্দর সূত্রে খবর, IndiGo 6E-723 বিমানটি কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা দিয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বিমানটির রানওয়েতে অবতরণ করার কথা ছিল। কিন্তু তার আগেই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ইঞ্জিনটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় বলেও জানা গিয়েছে।
এই ঘটনার খবর পেতেই চেন্নাই বিমানবন্দরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাত ১১টা ২৯ মিনিটে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেন কর্তৃপক্ষ। অবশেষে রাত ১১টা ৩৭ মিনিটে ওই বিমানটি যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে। রাত ১১টা ৪৭ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।
এরপরে চেন্নাই বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী একটি যাত্রিবাহী বিমানের বাঁ দিকের ইঞ্জিনে সমস্যা দেখা যায়। ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ঘটনার খবর মিলতেই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অবশেষে নির্ধারিত সময়ের সাত মিনিট পরে ১১টা ৩৭ মিনিটে বিমানটি ২৫ নম্বর রানওয়েতে অবতরণ করে। সমস্ত যাত্রীরাও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।
এক নজরে
FAQ
কোন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল?
কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের 6E-723 যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল।
মাঝ আকাশে বিমানে ঠিক কী সমস্যা হয়েছিল?
মাঝ আকাশে বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ইঞ্জিনটি সম্পূর্ণ বন্ধ বা বিকল হয়ে যায়।
ঘটনার সময় বিমানে মোট কতজন ছিলেন?
ঘটনার সময় ওই বিমানে মোট ২২৪ জন আরোহী ছিলেন।
চেন্নাই বিমানবন্দরে কখন জরুরি অবস্থা জারি ও প্রত্যাহার করা হয়?
বিপত্তির খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টা ২৯ মিনিটে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি নিরাপদে অবতরণের পর রাত ১১টা ৪৭ মিনিটে সেই জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।
৫. যাত্রীদের কোনও ক্ষতি হয়েছে কি?
না, বিমানটি রাত ১১টা ৩৭ মিনিটে নিরাপদে অবতরণ করেছে এবং চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী সমস্ত যাত্রী সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন।