• শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
  • বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। আজ, বুধবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলির আকাশ ঘন কালো মেঘে ছেয়ে। বেশ কিছু জায়গায় বৃষ্টিও চলছে।

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ক্রমেই শক্তি বাড়াচ্ছে। সেটি ধীর গতিতে ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে দুর্যোগের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আজ, বুধবার উপকূলের জেলাগুলি ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তাহলে কি ফের দুর্যোগে ভাসবে মহানগর?

    হাওয়া অফিস জানাচ্ছে, এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের অদূরে অবস্থান করেছে। সময়ের সঙ্গে সেটি ক্রমে শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে। আজ, বুধবার কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হলুদ সতর্কতা হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে। শুধু তাই নয়, নিম্নচাপের কারণে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত দুর্যোগ চলবে! সেই সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

    এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। উত্তরবঙ্গে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তেমনই জানিয়েছে হাওয়া অফিস।

     
  • Link to this news (প্রতিদিন)