• কট্টর হিন্দু? পৈতে আছে? আমিষ খান? রামমন্দিরের CEO পদের ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হচ্ছে প্রার্থীদের
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • আপনি কি কট্টর হিন্দু? পৈতে আছে আপনার? আমিষ খান?

    রামমন্দিরের চিফ এগজ়িকিউটিভ অফিসার (সিইও) পদের জন্য যাঁদের নাম বাছাই হয়েছে, তাঁদের নাকি এই সব প্রশ্নেরই মুখোমুখি হচ্ছে! একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে।

    রামমন্দিরের অনুদান চুরি নিয়ে বিতর্কের জেরেই মন্দিরের প্রশাসনিক কাঠামো বদলের সিদ্ধান্ত হয়েছে। তারই অঙ্গ হিসেবে শুরু হয়েছে সিইও নিয়োগের প্রক্রিয়া। তার জন্য ১৮ জন প্রার্থীর নাাম বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁদের ১০ জনের ইন্টারভিউ হয়। প্রথম দফার ইন্টারভিউ চলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরের দফার ইন্টারভিউ নেওয়া হয় দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রায় আধঘণ্টা ধরে প্রত্যেক প্রার্থী ইন্টারভিউ চলে।

    সূত্রের খবর, ইন্টারভিউর আগের তাঁদের একটি গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। সেখানে প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ, খাদ্যাভ্যাস সম্পর্কেও নানা খুঁটিনাটি এবং ব্যক্তিগত বিষয় জানতে চাওয়া হয়। সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, শুধু গুগল ফর্মেই নয়, ইন্টারভিউয়ের সময়েও ধর্মীয় আচার-আচরণ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে প্রার্থীদের। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁরা পৈতে পরেন কি না কিংবা তাঁরা আমিষ খাবার খান কি না। মদ্যপানের অভ্যাস রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়াও প্রার্থীদের পরিবার, তাঁদের আগের কাজ, ভিড় সামলানোর অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে।

    প্রসঙ্গত, রামমন্দিরের সিইও পদের জন্য অন্তত ৫২০০ জন আবেদন করেছিলেন। সূত্রের খবর, তাঁদের মধ্যে যে ১৮ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, তাঁদের কেউ অবসরপ্রাপ্ত আমলা, প্রাক্তন সিনিয়র কর্পোরেট এগজ়িকিউটিভ। কেউ আবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। একটি সূত্রের খবর, সিইও পদের জন্য এমন কাউকে বেছে নেওয়া হবে, যিনি অবসরপ্রাপ্ত, হিন্দু ধর্মাবলম্বী এবং তাঁর বয়স ৫০-৭০ বছর। এর পাশাপাশি কোনও বড় সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালনার অন্তত ২০ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে তাঁকে।

  • Link to this news (এই সময়)